অনেক কান্নার পর দীপিকাকে পেয়েছেন রণবীর!

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১১:৪০ পিএম

ভালোবাসার অবাধ প্রকাশে বারবার শিরোনাম হয়েছেন দীপিকা পাড়–কোন ও রণবীর সিং। এশিয়ার সেরা আবেদনময়ীর সঙ্গে গত বছরের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন ‘সিম্বা’ তারকা রণবীর। ইতালির লেক কোমোতে তাদের রাজকীয় বিবাহযজ্ঞ ঝড় তুলেছিল বিনোদন অঙ্গনে। তাদের রসায়ন পছন্দ করেন না, এমন মানুষ খুব কম। আর তারাও প্রকাশ্যে পূর্ণ করেন রোমান্সের ষোলোকলা।

অবশ্য এ যুগলের প্রেমের ফুল ফোটে বিয়ের ছয় বছর আগে, সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শ্যুটিং থেকে। টানা ছয় বছর চুটিয়ে প্রেমের পর নভেম্বরের মাঝামাঝি বিয়ের পিঁড়িতে বসেন দীপবীর। ভক্তরা এ যুগলকে দীপবীর বলে ডাকেন।

বিয়ের পর থেকে দীপবীর তাদের রোমান্স দেখিয়ে চলেছেন ভক্তদের। দীপিকা তো রণবীরকে ‘হাজব্যান্ড নাম্বার ওয়ান’ বলেছেন। আর রণবীরের আশা, তিনি হবেন দীপিকার ‘হাজব্যান্ড অব দ্য মিলেনিয়াম’।

সে যাই হোক, বিয়ের পর আট মাস পার হলেও এখনো প্রেমময় দুজন। সম্প্রতি দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, রণবীরের কোন দিকটি তাকে সবচেয়ে আকর্ষিত করেছে? উত্তরে ভোগ সাময়িকীকে এ অভিনেত্রী বলেন, ‘ওর ভেতর কোনো ভ-ামি নেই। মানুষ ওকে ভালোবাসুক আর ঘৃণা করুক; ও যা, ও তা-ই। সে একদম খাঁটি। আর অনুভূতি প্রকাশেও অনবদ্য। ও কাঁদতে একদম ভয় পায় না। আর এসব কারণে আমাকে পেয়েছে।’

ইতালির লেক কোমোতে বিয়ের পর ভারতে চারটি বিবাহোত্তর অভ্যর্থনার আয়োজন করেন দীপবীর। এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, দীপিকার ইচ্ছাতেই লেকে কোমোতে বিয়ে করেছেন তিনি।

বিয়ের পর কতটা বদলেছে রণবীর সিংয়ের জীবন? এক সাক্ষাৎকারে ‘গাল্লি বয়’ তারকা বলেছিলেন, ‘আমি সময়মতো ঘুম থেকে উঠি, সময়মতো খাই, সময়মতো কাজে যাই, সময়মতো ঘরে ফিরি। এক কথায়, আমি এখন গুড বয় হয়ে গেছি।’

কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় পঞ্চমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দীপিকা ও রণবীর। সিনেমায় তারা ক্রিকেটার কপিল দেব ও তার স্ত্রী রুমি দেবের ভূমিকায় অভিনয় করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত