ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রীষ্ম মৌসুমের দলবদল শেষ হয়েছে গতকাল রাতে। ক্লাবগুলো নিজেদের দল গুছিয়ে নিয়েছে। কেউ নতুন ফুটবলার কিনেছে। কেউ আবার পুরনো তারকাকে দিয়েছে বিক্রি করে। আগামী জানুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের দলগুলো আর নিজের দলে কোনো খেলোয়াড় আনতে পারবে না। দলবদল শেষে দলগুলোর শক্তি কেমন হয়েছে তার পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে গতকাল শুক্রবার। চূড়ান্ত পরীক্ষা হবে শিরোপা জয়ের মধ্য দিয়ে।
জুভেন্তাসে মরিসিও সারি দলে নিতে চেয়েছিলেন রোমেলু লুকাকুকে। কিন্তু ইতালিরই আরেক জায়ান্ট ইন্টার মিলান সেটা হতে দেয়নি। ইংল্যান্ডের দলবদলের শেষ দিন নিজেদের দলে লুকাকুকে আনা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার জুভেন্তাসকে রীতিমতো টেক্কা দিয়েছে ইন্টার। এজন্য ইতালির ক্লাবটিকে ট্রান্সফার মূল্য গুনতে হয়েছে ৮ কোটি ইউরো। পাউন্ড হিসাবে যা দাঁড়ায় ৭ কোটি ৪০ লাখ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯৬ ম্যাচে ৪২ গোল করেছেন লুকাকু। ২০১৭ সালে এভারটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করে লুকাকুকে কিনেছিল রেড ডেভিলরা। যদিও ওলে গানার সোলসকায়ের দায়িত্ব নেওয়ার পর লুকাকুর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। অপেশাদারত্বের খোটাও শুনতে হচ্ছিল তাকে। সোলসকায়ের দলের মধ্যে যে নতুন সংস্কৃতি তৈরি করেছিলেন সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না লুকাকু। অনুশীলনে তিনি ঠিকঠাক উপস্থিত হতে পারতেন না বলেও অভিযোগ। এ কারণেই হয়তো নেভিল বলেছেন, ‘লুকাকু সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হলো ম্যানচেস্টার ইউনাইটেড যে নতুন সংস্কৃতি এবং মনোভাব দলের মধ্যে চালু করতে চায়, ওলে যা করার চেষ্টা করছেন সেখানে পেশাদারত্বের খামতির কোনো জায়গা নেই। সে কারণেই হয়তো এখানে সে (লুকাকু) থাকতে চায়নি।’ তবে নেভিল কিন্তু লুকাকুর প্রশংসা করেছেন, ‘আমি মনে করি সে সত্যিকারের ভালো খেলোয়াড়। সে অনেক গোল করেছে। ইন্টার মিলানেও সে ভালো করবে। কিন্তু আমি মনে করি খেলোয়াড়ের ওজন বাড়াটা অমার্জনীয় অপরাধ। আপনি খারাপ খেলতে পারেন, বাজে ক্রস করতে পারেন, গোল মিস করতে পারেন কিন্তু কিছুতে ওজন বাড়াতে পারেন না। ওভারওয়েট মানে আপনি ফিট নন। এখানে কোনো অজুহাত চলে না।’
চেলসি থেকে আর্সেনালে যোগ দিয়েছেন ডেভিড লুইজ। ফলে একটা রেকর্ডও হলো। প্রিমিয়ার লিগে দশম ফুটবলার হিসেবে তিনি চেলসি ও আর্সেনাল দুই ক্লাবেই খেলবেন। ডেভিড লুইজের আগে পিতর চেক, সেস ফ্যাব্রেগাস, অ্যাশলে কোলদের মতো তারকারা খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এ দুই ক্লাবে। জুভেন্তাস থেকে পাওলো দিবালাকে নিতে চেয়েছিল টটেনহ্যাম। কিন্তু বৃহস্পতিবার
জুভেন্তাসের পক্ষ থেকে টটেনহ্যামের প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার শেষ হওয়া সামার মৌসুমের দলবদল ক্লাব হিসেবে সবচেয়ে লাভবান হয়েছে আর্সেনাল। তারা সই করিয়েছে নিকোলাস পেপকে। সেল্টিকের লেফটব্যাক কিয়েরান টিয়েরনকেও দলে ভিড়িয়েছে তারা। লাভবান হয়েছে এভারটন এবং অ্যাস্টন ভিলাও। তবে এবার দলবদলে ক্ষতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রোমেলু লুকাকুকে হারানোর ফলে তাদের আক্রমণ নিয়ে ভুগতে হবে।
পল পগবাও গত মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেননি। এবার ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করেও তেমনভাবে দলটা সাজাতে পারেনি ম্যান ইউনাইটেড। চেলসি এবং বার্নলেও সেভাবে গুছিয়ে নিতে পারেনি।
