আবহাওয়া দুর্যোগপূর্ণ না হলে ঈদযাত্রা স্বস্তির হবে : কাদের

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:৩১ এএম

আবহাওয়া দুর্যোগপূর্ণ না হলে ঈদযাত্রা স্বস্তির হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ওই সময় তিনি বাস ছাড়ার আগে মশার ওষুধ না ছিটালে গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ছাড়া সিঙ্গাপুর থেকে ওষুধ এনে গাজীপুরে ছিটানো হচ্ছে বলেও জানান তিনি।

ঈদযাত্রায় মহাসড়কে কোনো সমস্যা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবারকার ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো সমস্যা নেই; সমস্যা হচ্ছে ফেরিঘাটে। সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে, নদীতে প্রচণ্ড স্রোত। মাওয়া থেকে জাজিরা প্রান্তেও প্রচণ্ড স্রোত। সেখানে মাঝে মাঝে ফেরি বন্ধ হয়ে যায়। নদীর স্রোতের কারণে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে, যার কারণে গাড়ি আসতে পারছে না। আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গতকাল (বৃহস্পতিবার) ভারী বর্ষণ

ছিল, সিগন্যাল ছিল, নিম্নচাপের কারণে ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক ছিল না।’ তিনি বলেন, ‘তবে আজ (গতকাল) যাত্রা স্বস্তিদায়ক আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ভারী বর্ষণ না হলে আমার মনে হয় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। কারণ রাস্তায় কোনো সমস্যা নেই, সমস্যা শুধু ফেরিঘাটে।’

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা কঠোরভাবে মনিটর করছি। এখানে ভিজিলেন্স টিম আছে। পুলিশ, র‌্যাব, বিআরটিএ কাজ করছে। রংপুরগামী একটি পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছিল বলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না।’

বাস ছাড়ার আগে মশার ওষুধ না দিলে ব্যবস্থা : গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এটাও আমরা পারব। বাস ছাড়ার আগে মশার ওষুধ না ছিটালে গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

কার্যকর ওষুধ চলে এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল (গত বৃহস্পতিবার) বলেছেন, ডেঙ্গু নিয়ে, এডিস মশা নিয়ে মৌসুমি প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতা প্রোগ্রাম এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে। আপনারা জানেন যে ডেঙ্গুজ্বর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে এডিস মশার ভয় কাজ করছে। এজন্য ঘরে যাওয়ার আনন্দ তো আছেই, তার সঙ্গে কিছু সমস্যা আছে। আমরা যাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট কিন্তু ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ওষুধ এর মধ্যেই এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটাও শুরু হয়ে যাবে। আমরা আশা করি কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখনই নিয়ন্ত্রণে এসেছে, এ কথা আমি দাবি করতে পারব না। তবে ঈদের মধ্যে যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।’

সিঙ্গাপুর থেকে কার্যকর ওষুধ এনে গাজীপুরে ছিটানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গাজীপুরের মেয়র সিঙ্গাপুর থেকে কার্যকর ওষুধ এনে গতকাল থেকে গাজীপুরে ছিটাচ্ছেন। ঢাকায়ও ছিটানো হবে।’

দেশ উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছেÑ সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কে ব্যক্তিগতভাবে কী বলল, সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে, আমরা যা বলেছি, তা করছি কি না। আমি বিশ্বাস করি, ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এটাও আমরা পারব। দু-একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে তো আমাদের সার্বিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করা যাবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত