আগে যাবে সাধারণ মানুষ, এরপর ভিআইপিরা : মমতা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:৫১ এএম

চেন্নাই গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেরার পথে কলকাতায় ঢোকার সময় তার গাড়ি যাওয়ার জন্য বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ সময় মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে পুলিশকে বলেন, আগে সাধারণ মানুষকে যেতে দিন, এরপর আমি যাব।

প্রথমে তেঘরিয়া মোড়ের কাছে মমতার নজরে পড়ে, সার্ভিস রোডে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি তখনই গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করেন, তিনি যাচ্ছেন বলেই কি রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড় করানো হয়েছে? ‘হ্যাঁ’ শুনে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, আগে সাধারণ মানুষ যাবে, পরে ভিআইপি।

এ সময় তিনি বলেন, ‘প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্য সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না।’

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এরপর প্রায় ১০ মিনিট নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্য গাড়ির যাতায়াত চালু করে দেন মমতা। এ সময় তাকে দেখতে আবার রাস্তায় ভিড় বাড়ে। জনতার সঙ্গে কথা বলে রওনা হন তিনি। পরে তাপুরিয়াঘাটাতেও সড়ক আটকানো দেখে নেমে পুলিশ কর্মকর্তাদের তার জন্য গাড়ি না আটকানোর নির্দেশ দেন তিনি।

গাড়িবহর নিয়ে চলাচল একেবারে পছন্দ নয় তৃণমূল কংগ্রেস নেত্রীর। তিনি চলাফেরা করেন একেবারে সাধারণ মানুষের মতো। কিন্তু তার গাড়ির কাছে অনেক সময়ই অন্য গাড়ি চলে আসে, যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় বলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ভাষ্য।

তবে মমতার নির্দেশ, প্রয়োজনে তিনি কিংবা অন্য ভিআইপিরা অপেক্ষা করবেন। ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতেই হবে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। কিছু দিন আগে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে যাওয়ার সময়ও জেলা পুলিশকর্তাদের সতর্ক করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত