আড্ডায় অনন্ত-বর্ষা!
সবাই তাদের চেনেন অনন্ত জলিল-বর্ষা নামে। তবে দর্শকপ্রিয় এই জুটি জানালেন তাদের আগের নাম ছিল সঞ্জু ও খাদিজা। সেই ঘটনা, তা বর্ষা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে। রুম্মান রশীদ খান ও সাকীর উপস্থাপনায় এবং রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় দুই ঘণ্টাব্যাপী ‘রাঙা সকাল’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন ১৩ আগস্ট সকাল ৭টা থেকে ৯টায় মাছরাঙা টেলিভিশনে।
পাঁচফোড়ন
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এর উপস্থাপনা সাজানো হয়েছে। দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারে গান থাকছে তিনটি। একটি গান গেয়েছেন বাউল শিল্পী শফি ম-ল। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। একটি ভিন্নধর্মী বিষয়ভিত্তিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন একদল নৃত্যশিল্পী।
সেলিব্রেটি আড্ডা
এশিয়ান টিভিতে ঈদের চার দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে ‘সেলিব্রেটি আড্ডা’। অতিথি রুনা লায়লা ও আলমগীর, সোহেলা রানা ও ইলিয়াস কাঞ্চন, চিত্রলেখা গুহ ও শবনম পারভীন, ইমন ও নিরব প্রমুখ। উপস্থাপনা করেছেন আফসানা মিমি, ইকবাল খন্দকার, অহনা ও আঁচল। ‘
নাটক জুঁই? একটু তোকে ছুঁই?
একান্নবর্তী পরিবারের চটপটে মেয়ে জুঁইয়ের সঙ্গে একই পাড়ার সহজ-সরল ছেলে সাফায়েতের প্রেম। তবে দুই পরিবার একে অপরকে একদম পছন্দ করে না। হঠাৎ একদিন জুঁই আর সাফায়েত পালিয়ে যায়। কিন্তু তারা বিয়ে না করেই বাড়িতে ফিরে এসে দেখে পরিস্থিতি ভিন্ন। জুঁইয়ের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর সাফায়েতের মা সবার সেবা করছেন! এরপর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে গেছে ‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকের গল্প। এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটিতে জুঁইয়ের চরিত্রটি রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আর সাফায়েতের চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। রাজীব আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। আসছে ঈদুল আজহায় বাংলাভিশনে নাটকটি প্রচার হবে। পাশাপাশি এস এস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
স্টার নাইটে মৌ
আজ থেকে ৩০ বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সাদিয়া ইসলাম মৌ মডেলিং জগতে পা রেখেছিলেন, তখন তিনি সপ্তম কি অষ্টম শ্রেণিতে পড়তেন। সে সময় বিজ্ঞাপনচিত্রের জন্য রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এখনো সমান জনপ্রিয় মৌ। প্রায় সব মডেলের আইডল তিনি। শুধু মডেলিংয়ে নয়, মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে নাচের মঞ্চেও অভিষেক হয়েছিল তার। এখনো নাচই তার ধ্যান-জ্ঞান। অভিনয়ও করেন বেছে বেছে। বর্ণাঢ্য ক্যারিয়ারের এই গল্পগুলো নিয়েই মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘স্টার নাইট’-এ এবারের অতিথি সাদিয়া ইসলাম মৌ। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ‘স্টার নাইট’-এ দেখা যাবে তার পরিবার, সহকর্মীদের। রুম্মান রশীদ খানের গ্রন্থনায়, অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ প্রচার হবে ঈদের দিন রাত ৮টায়।
মৌসুমী’স লাইভ কিচেন
ঈদের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটকসহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ৯ পর্বের রান্নার অনুষ্ঠান ‘মৌসুমী’স লাইভ কিচেন-২’। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, ওমর সানী, অমিত হাসান, নিরব, চিত্রনায়িকা পূর্ণিমা, কণ্ঠশিল্পী কনা।
নাটক ‘শেষ বিকেল’
ব্যাচেলর ফারহান ইউটিউব টিউটোরিয়াল দেখে রান্না করে। রান্নার বিভিন্ন রেসিপি নিয়ে ইউটিউব টিউটোরিয়াল বানানো মোনা নামের মেয়েটির প্রতি তার দুর্বলতা সৃষ্টি হয়। হঠাৎ একদিন মোনার সঙ্গে ফারহানের দেখা হয়। চলতে থাকে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘শেষ বিকেল’ নাটকের গল্প। এতে অভিনয় করেন জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও তানজিন তিশা। মাসুদ উল হাসানের গল্প-ভাবনায় নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান, নির্দেশনা দিয়েছেন তপু খান। জানা গেছে, নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। এরপর এস এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
‘জুনিয়র আর্টিস্ট’
একুশে টেলিভিশনে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘জুনিয়র আর্টিস্ট’। রাজীম মনি দাসের রচনা এবং কাজী সাইফ আহমেদের পরিচালনায় হাস্যরসাত্মক ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, রওনক হাসান, জামিল, এ্যানি খান, রুনা খান, কচি খন্দকার, মনিরা মিঠু, নাজিরা মৌ, আরফানসহ অনেকে। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত।
