কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীর মধ্যে মোহাম্মদ রফিকের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৪টার দিকে ডায়াবেটিক পয়েন্ট থেকে তার লাশ
উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য শিক্ষার্থী আরিফুল ইসলামকে (২১) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র রফিক কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। নিখোঁজ আরিফুল বইদ্দরঘোনা এলাকার জাহেদ হোসেনের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি মো. জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে কয়েকজন বন্ধু ফুটবল খেলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় উত্তাল ঢেউয়ে পাঁচজন ভেসে যান। ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লাইভগার্ড কর্মীরা আহমেদ (২১), ইমরুল শাহেদ (২১) ও মোবাশ্বেরুল ইসলামকে (২১) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিকেলে ডায়াবেটিক পয়েন্ট থেকে রফিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুলকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় লাইভগার্ড কর্মীরা অভিযান চালাচ্ছেন। ছুটিতে বাড়ি এসে তারা কক্সবাজার সৈকতে ঘুরতে যান বলে জানান তিনি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আশিকুর রহমান জানান, বিকেলে রফিক নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও লাইভগার্ড কর্মীরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
