নেইমারকে নিজেদের দলে যোগ দেওয়ার জন্য ‘প্রলুব্ধ’ করছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এ জন্য কয়েক জন তার সঙ্গে নাকি ফোনে কথাও বলেছেন। নিজস্ব সূত্রের বরাত দিয়ে সোমবার এমন খবর দিয়েছে ইএসপিএন ফুটবল।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ইতিমধ্যে নিশ্চিত করেছেন তারা এই মৌসুমেই নেইমারকে বিক্রি করে দিতে চান। এই খবর আসার আগে থেকে নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। নেইমার চাইছেন তার পুরোনো ক্লাব বার্সায় ফিরতে।
কিন্তু বার্সা পেরে উঠছে না দামের কারণে। দুই বছর আগে বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যাওয়া নেইমারকে পেতে হলে বার্সার ৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে দিতে হবে ফিলিপে কৌতিনহো, নেলসন সেমেদোকে!
ইএসপিএন লিখেছে, মাদ্রিদ নেইমারকে পেতে উঠেপড়ে লেগেছে। নিজেদের ফুটবলারদের দিয়ে কর্মকর্তারা ব্রাজিলের সুপারস্টারকে ফোন করাচ্ছেন।
তবে কে কে ফোন করেছেন তা বলা হয়নি প্রতিবেদনটিতে।
