অপহরণের সময় চিৎকার করে রক্ষা পেলেন প্রেমিক যুগল। এ ঘটনায় হিরু বিশ্বাস (১৮) ও মোহাম্মদ ইসলাম (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আটক হিরু বিশ্বাস শহরের আশ্রমপাড়া মহল্লার গৌর বিশ্বাসের ছেলে আর অটোচালক শহরের কলেজপাড়া মহল্লার আবদুল মজিদের ছেলে।
ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রশেয়া গ্রাম থেকে প্রেমিক সৌরভ চন্দ্র রায় ও প্রেমিকা স্মৃতি রাণী ঠাকুরগাঁও শহরের বড়মাঠে ঘুরতে আসেন।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে চটপটি-ফুসকা খেয়ে বাড়ি ফিরতে একটি অটোরিকশায় উঠেন প্রেমিক যুগল। এসময় আরেকটি অটোরিকশায় হিরু ও অটোচালক ইসলামসহ পাঁচজন এসে অতর্কিত হামলা করে দুজনকে তাদের অটোরিকশায় তুলে নেয়।
এরপর প্রেমিক যুগলকে ভয়ভীতি দেখিয়ে অপহরণের উদ্দেশ্যে শহরের উপর দিয়ে নিয়ে যেতে থাকে। এসময় চিৎকার করতে থাকে প্রেমিক যুগল।
শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের আমাদের বাজার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটক করে। এসময় হিরু বিশ্বাস ও অটোচালক ইসলামকে আটক করা গেলেও বাকি তিন অপহরণকারী পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রেমিক যুগলকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে থানাহাজতে নিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
