‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার ২ আসামি নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৩:২১ এএম

সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে, যারা ঈদুল আজহার আগের রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি। পুলিশ বলছে, গত মঙ্গলবার রাতে দক্ষিণ রাজাপুর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দেশ রূপান্তরকে বলেন, গভীর রাতে মেঘনা নদীর জলসীমা দখল নিয়ে জলদস্যুদের দুই গ্রুপে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দস্যুরা গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ত্রিমুখী বন্দুকযুদ্ধে দুই দস্যু নিহত হয়। পরে নিহত দুজন ধর্ষণ মামলার আসামি হিসেবে শনাক্ত হয় বলে জানান তিনি। পুলিশের দাবি, ঘটনার সময় দস্যু দল ট্রলার নিয়ে পালিয়ে যায়। লাশ দুটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হলে গতকাল বুধবার তাদের পরিচয় পাওয়া যায়। নিহতরা হলো আল আমিন (২৫) ও মঞ্জুর আলম (৩০)। আল আমিন সদর উপজেলার চরস্যামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহম্মেদের ছেলে। মঞ্জুর একই এলাকার কামাল মিস্ত্রির ছেলে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি রামদা ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গত রবিবার রাতে চরস্যামাইয়া ইউনিয়নের চর শিফলী গ্রামে ধর্ষণের শিকার হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২)। আশঙ্কাজনক অবস্থায় সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, ঈদ উপলক্ষে হাতে মেহেদি দিতে যাওয়ার পথে আল আমিন ও তার সহযোগী মঞ্জুর আলম ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার শিশুটির বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত