কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ম্যাককালাম

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৬:০৬ পিএম

সদ্যই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে ভূমিকা বদলালেও ক্রিকেটেই দেখা যাবে তাকে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছে তিনি। এ ছাড়া একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক।

আসছে মৌসুমের জন্য (২০২০) ম্যাককালামকে চূড়ান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলে কলকাতার হয়েই প্রথম খেলেন তিনি। প্রথম আসরের প্রথম ম্যাচেই ম্যাককালামের তাণ্ডব দেখেছিল দর্শকরা। খেলেছিলেন ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দফায় কেকেআরে খেলেন ম্যাককালাম। দ্বিতীয় দফায় ২০১২ থেকে ২০১৩ আসরে খেলেছেন। ২০১২ সালে কেকেআরের আইপিএল শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সে (টিকেআর) ২০১৬-১৮ পর্যন্ত খেলেছেন তিনি।

কেকেআরের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে ম্যাককালাম বলেন, ‘এই দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় সম্মানের ব্যাপার। আইপিএল ও সিপিএল-এ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) কলকাতা নাইট রাইডার্স-এর দলটা দারুণ। কেকেআর ও টিকেআরে আমাদের দল দারুণ। সাপোর্ট স্টাফদের সাথে নিয়ে উভয় ফ্র্যাঞ্চাইজির জন্যই আমি সাফল্যের পথ খুঁজব।’

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলেছেন ম্যাককালাম। ব্যাট হাতে তার সংগ্রহ ৬৪৫৩ রান। ২৬০টি ওয়ানডে-তে তার রান ৬০৮৩। ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে রান করেছেন ২১৪০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত