২০১৮ সালে রেমিট্যান্স সংগ্রহে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। বছরটিতে বাংলাদেশ ১৫ দশমিক ৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে নবম শীর্ষ স্থানে জায়গা পেয়েছে। প্রায় এক কোটি বাংলাদেশির বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওই বছর পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৭৫০ কোটি টাকা।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণ করেছে ভারত। দেশটি ৭৮ দশমিক ৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। পরের অবস্থানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। ২০১৮ সালে চীন রেমিট্যান্স সংগ্রহ করেছে ৬৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স সংগ্রহের তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে মেক্সিকো, ফিলিপাইন, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইউক্রেন।
এদিকে, ২০১৮-১৯ অর্থবছর ব্যাংকিং চ্যানেলে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে ৫৮ দশমিক ৯৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ওইসব দেশে থাকা প্রবাসীরা পাঠিয়েছেন ৯৬৮ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বা ১১১ কোটি ৪৫ লাখ ডলার বেশি। ২০১৭-১৮ অর্থবছরে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছিল ৮৫৬ কোটি ৭৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে ৬টি মধ্যপ্রাচ্যের। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, প্রতিবারের মতো গত অর্থবছর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। দেশটিতে থাকা প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩১১ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ১৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের মধ্যে অন্য দেশগুলো হচ্ছে আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কাতার, ইতালি ও বাহরাইন।
সৌদি আরবের পর ২০১৮-১৯ অর্থবছর সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ডলার। তৃতীয় অবস্থান যুক্তরাষ্ট্রের। এ দেশের বাংলাদেশি প্রবাসীরা পাঠিয়েছেন ১৮৪ কোটি ২৮ লাখ ডলার। চতুর্থে থাকা কুয়েত থেকে এসেছে ১৪৬ কোটি ৩৩ লাখ, যুক্তরাজ্য থেকে ১৭৫ কোটি ৫৬ লাখ, মালয়েশিয়া থেকে ১১৯ কোটি ৭৬ লাখ ডলার। ওমান থেকে এসেছে ১০৬ কোটি ৬০ লাখ, কাতার থেকে ১০২ কোটি ৩৯ লাখ, ইতালি থেকে ৭৫ কোটি ৭৮ লাখ ও বাহরাইন থেকে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ডলার।
২০১৮-১৯ অর্থবছর প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ অর্থবছর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। এছাড়া ২০১৫-১৬ অর্থবছর রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ডলার। এরপর ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা পাঠান ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
