এজবাস্টনের মতো লর্ডসেও ইংল্যান্ড ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিলেন। প্রথম ইনিংসে একদিনের মধ্যেই গুটিয়ে গেল স্বাগতিকদের ইনিংস। অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও তাই অস্ট্রেলিয়াই পেল ভালো শুরু। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার প্রথম দিনের খেলা পুরোটাই বৃষ্টিতে ভেসে যায়। টসও হতে পারেনি। বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। প্রথম ইনিংসে ২৫৮ রানেই থামে ইংলিশরা। পরে অস্ট্রেলিয়া ১৩ ওভার ব্যাটিং করেছে। ১ উইকেট হারিয়ে ৩০ রানে দিন শেষ করেছে দলটি। এখন ২২৮ রানে পিছিয়ে তারা।
ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারেই জেসন রয়ের উইকেট হারায়। তাকে ফেরান জস হ্যাজলউড। তার সঙ্গে প্যাট কামিন্সও যোগ দেন উইকেট উৎসবে। সঙ্গে নাথান লায়নের স্পিন। সবমিলে ইংলিশ ব্যাটসম্যানদের বড় পরীক্ষা দিতে হয়েছে।
ররি বার্নস ও জনি বেয়ারস্টো যে পরীক্ষায় উত্তির্ণই বলা চলে। দুজনের ফিফটিতে আড়াই শ পেরোনো স্কোর পায় ইংলিশরা। বার্নস ৫৩ ও বেয়ারস্টো ৫২ রান করেন। এছাড়া ক্রিস ওসক ৩২ ও জয় ডেনলি করেন ৩০ রান। অজিদের পক্ষে কামিন্স, হ্যাজলউড ও লায়ন ৩টি করে উইকেট নেন। এছাড়া সিডল নেন ১ উইকেট।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়েছে। ৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ট হন ওয়ার্নার। আরেক ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট ৫ ও উসমান খাজা ১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
