নব্বইয়ের মতো শক্তিশালী ছাত্রদল চায় বিএনপি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৪:১৬ এএম

নব্বইয়ের দশকে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তবে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সংগঠনটির সেই অগ্রণী ভূমিকা কমতে থাকে। আর গত ১০ বছরে জোরালো কোনো কর্মসূচি নিয়ে রাজপথে দেখা যায়নি ছাত্রদলকে। কাউন্সিল ছাড়া ব্যক্তির পছন্দের প্রার্থীকে নেতা করায় সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হয়েছেন বহু ভাগে। সবমিলে গত ২৬ বছরে কাউন্সিল না হওয়ায় বর্তমানে যেন নামমাত্র সংগঠনে পরিণত হয়েছে ৪০ বছর বয়সী ছাত্র সংগঠনটি।

এমন পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড ছাত্রদলকে দেখতে চাইছে নব্বইয়ের দশকের মতো অগ্রবর্তী ভূমিকায়। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন করার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সংগঠনটির সাবেক এই সভাপতি বলেন, ছাত্রদলকে গতিশীল করার অংশ হিসেবে ব্যক্তির পছন্দের প্রার্থীকে নেতা বানানো আর হবে না। ছাত্রদলের নিয়মিত কাউন্সিল সম্পন্ন করার জন্য সংগঠনটিকে একটি ‘ফরম্যাটে’ ফেলা হবে। যে ফরম্যাটে আগামী দিনে ছাত্রদলের নিয়মিত কাউন্সিল হবে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই তাদের নেতা অর্থাৎ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কারণ, বিএনপির হাইকমান্ড মনে করে, এতে করে ছাত্রদলের নেতৃত্বে যারা আসবেন তাদের সংগঠনের প্রতি দায়বদ্ধতা থাকবে; এর ফলে সংগঠন আগের মতো শক্তিশালী হবে।

গত ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিলুপ্ত কমিটির বিদ্রোহী গ্রুপের বিক্ষোভের মুখে তা সম্ভব হয়নি। পরে গত ৬ আগস্ট বিলুপ্ত কমিটির বিদ্রোহী গ্রুপের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপের মাধ্যমে বৈঠকে সমঝোতা হয়। এরপর গত ১৩ আগস্ট মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলর পুনঃতফসিল ঘোষণা করা হয়। নতুন এ তফসিল অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর কাউন্সিল। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এর আগে মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৭ ও ১৮ আগস্ট, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা যাচাই-বাছাই ২২ থেকে ২৬ আগস্ট। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৭ আগস্ট। প্রার্থীদের আপত্তি গ্রহণ ২৮ আগস্ট। আপিল নিষ্পত্তি ২৯ ও ৩০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর। প্রচার চালানো যাবে ৩ থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী আগামীকাল ১৭ আগস্ট শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এই মনোনয়নপত্র বিতরণ সামনে রেখে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান তারা সারা দেশে ছাত্রদলের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে নিজের জন্য ভোট চাইছেন। সাধারণ সম্পাদক প্রার্থী ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিল হাসান দেশ রূপান্তরকে জানান, কাউন্সিলরদের কাছে ভোট চাইতে বিভিন্ন জেলা সফর করছেন তিনি। ভোটের জন্য গতকাল বরিশালে গণসংযোগ করে সন্ধ্যায় গেছেন ঝালকাঠিতে। খোঁজ নিয়ে জানা গেছে, তানজিল হাসানের মতো অন্য প্রার্থীরাও জেলা সফর করছেন। কেউ কেউ ঢাকার বাইরে ঈদও করেছেন এবং এখনো ঢাকার বাইরেই আছেন।

নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দেশ রূপান্তরকে বলেন, নব্বইয়ে স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। কারণ তৎকালীন ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হয়েছিল। ডাকসুর তখনকার সহসভাপতি আমানউল্লাহ আমানের নেতৃত্বে গঠিত সর্বদলীয় ছাত্রঐক্যের আন্দোলনে পতন হয় এরশাদের। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালে ছাত্রদলের সর্বশেষ কাউন্সিল হয়। সে সময় অনুষ্ঠিত পঞ্চম কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বিএনপির বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘ ২৬ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হতে যাচ্ছে। আশা করছি এই সম্মেলনের মাধ্যমে ছাত্রদল আগের মতো শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। তিনি বলেন, দীর্ঘদিন ছাত্রদলের কাউন্সিল না হওয়ায় সংগঠনে একাধিক গ্রুপ তৈরি হয়েছিল। গ্রুপগুলো নিজেদের নেতা ছাড়া অন্য কারও নেতৃত্ব মানত না। গ্রুপে গ্রুপে ভাগ হয়ে কর্মসূচিতে অংশ নিত। এতে করে বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সফলতা আসেনি। সবাইকে একত্রিত করতে কাউন্সিলের কোনো বিকল্প নেই। বিষয়টি দলের হাইকমান্ডের নজরে এসেছে। তাই বিলুপ্ত কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও পরিবেশ পরিস্থিতির কারণে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত