নাটোরের বড়াইগ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোসেন আলী (৫০) নামে একজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত লুলু সরকারের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে বড়াইগ্রাম থানার ওসি (ভারপ্রাপ্ত) দেশ রূপান্তরকে জানান, ‘ধর্ষণের চেষ্টা হয়েছে বলে একটি মামলা হয়েছে। ধর্ষণ হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। এ বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, ধর্ষণের ঘটনাটি গ্রামপ্রধানদের জানানোর কারণে হোসেন আলীর শ্যালক দেলোয়ার হোসেন শিশুটির বাবাকে মারপিট করে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
শিশুটির বাবা জানান, হোসেন আলী আটঘরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছে। গত মঙ্গলবার খেলনা কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে সে কোলে করে তার বাড়িতে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে খুুঁজতে গেলে হোসেনের বাড়ির পাশে তাকে পায়। পরনের প্যান্টটি ভেজা দেখতে পেয়ে মায়ের জিজ্ঞাসায় শিশুটি ঘটনা খুলে বললে পুলিশের হটলাইন ৯৯৯-এ কল করে জানালে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন হোসেন ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) সুমন হোসেন জানান, শিশুটির মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
