শুরুর আগেই স্থগিত ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৩:৪৯ পিএম

ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছিল ক্রিকেট দর্শকদের মনে। মাত্র ২ সপ্তাহ বাকি ছিল টুর্নামেন্ট শুরুর। কিন্তু তার আগেই স্থগিত হয়ে গেল আসরটি।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ছয় শহরের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টি-টোয়েন্টি স্ল্যাম আয়োজনের পরিকল্পনা করেছিলেন আয়োজকরা। এ মাসের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আসরটি হওয়ার কথা ছিল। কিন্তু এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে এ বছর এই আসর আয়োজন করা সম্ভব হচ্ছে না। আগামী বছর থেকে তারা শুরু করতে চায় এই আসর।

আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডারে টি-টোয়েন্টি স্ল্যাম শুরুর বছরেই যাতে সাড়া জাগাতে পারে, সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। এই কারণে, এই মুহূর্তে সঠিক পদক্ষেপ হল, পরবর্তী দিন ঘোষণা পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া। এতে টুর্নামেন্ট সঠিকভাবে আয়োজনের জন্য আমরা পর্যাপ্ত সময় পাব।’

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করা হলেও পরের বছর এই আয়োজন সফলতার মুখ দেখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে বিশ্বকাপের পর পরই বেশ ঘটা করে ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম আয়োজনের কথা জানিয়েছিল আয়োজকরা। ওয়েন মরগান, রশিদ খান, ইমরান তাহির উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বিশ্ব খ্যাত তারকাদের এখানে মাঠ মাতানোর কথা ছিল।

দেখার বিষয় আগামী বছর তা মাঠে গড়ায় কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত