আবার জমবে ঢাকা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৬:৩৩ পিএম

আবার জমবে ঢাকা, বাড়বে ব্যস্ততা, থাকবে যানজট। 

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে নগরবাসী। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেও  কাঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল বেশি।

সকাল থেকে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট দিয়ে পারপার কারানো হচ্ছে বলে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ির ঘাট ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে সবাই কর্মস্থলে ফিরতে শুরু করায় সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে চাপ বেড়েছে। বেলা বাড়লে এ চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে পাটুরিয়ায় যাত্রীদের চাপ শুক্রবার আরো বেড়েছে। চাহিদার চেয়ে কম যাত্রীবাহি বাস থাকায় যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি ভাড়া নেয়ায় দায়ে ২৫টি বাসকে জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ। 

এ ছাড়া দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ায় বাড়তি যানবাহনের চাপে মহাসড়কের সাত কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার দুপুর থেকে দৌলতদিয়া ঘাটে ঢাকা অভিমুখে কর্মমুখী মানুষের ঢল নামতে থাকে। এতে গাড়ির চাপ বেড়ে গিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় দুপুরের পর থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের সাড়ি দীর্ঘ হতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত