নায়ক-পরিচালক জুটি রফিক শিকদার ও নিরব হোসেন। তাদের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়। এই জুটি’র ‘হৃদয় জুড়ে’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ‘হৃদয় জুড়ে’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার। পরিচালক রফিক শিকদার জানিয়েছেন আসছে দুর্গা পূজায় মুক্তি পাবে ‘হৃদয় জুড়ে’।
এদিকে এই জুটি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তৃতীয় ছবি। সম্প্রতি পরিচালক রফিক শিকদার তার নতুন ছবির জন্য নায়ক নিরবকে চুক্তিবদ্ধও করেন। ‘বসন্ত বিকেল’ নামের এই নতুন সিনেমায় নিরবের নায়িকা কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
রফিক শিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প নিয়ে নির্মাণ করছি আমার নতুন ছবি ‘বসন্ত বিকেল’। নায়ক নিরবকে চূড়ান্ত করেছি। শিগগিরই নায়িকা ও অন্যান্য কলাকুশলীদের নামও ঘোষণা করব।’
পরিচালক জানান এই বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘বসন্ত বিকেল’ ছবির। আরবিএস টেক লিমিটেড-এর ব্যানারে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
