ভুটানে হিন্দি সিনেমার শ্যুটিং করছি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:৪৩ পিএম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। এখন ভুটানে বলিউডের সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। আজ রাতে বাংলাভিশনে তার অভিনীত ‘নীলমায়া’ টেলিফিল্মটি দেখানো হবে। এসব বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

অবশেষে চুক্তির দুই বছরের মধ্যে বলিউডের সিনেমার শ্যুটিং শুরু করলেন। কেমন লাগছে?

আমার প্রথম হিন্দি সিনেমা ‘ম্যাক্স কি গান’। দেশের বাইরে বড় পরিসরে এই প্রথম নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। আর বলিউডে কাজ করার স্বপ্ন তো প্রত্যেক অভিনেতারই থাকে। সব মিলিয়ে অনেক প্রথমের সঙ্গে জড়িত এই সিনেমা। তাই অনুভূতি অসামান্য। চুক্তির পর যখন সিনেমাটির শ্যুটিং শুরু হতে বেশ দেরি হচ্ছিল, তখন অনেকের অনেক নেতিবাচক মন্তব্য শুনেছি। তখন হয়তো মন খারাপ হয়েছে, কিন্তু আমি জানতাম সিনেমাটি হবে। অবশেষে কাজ শুরু করলাম গতকাল শুক্রবার থেকে। ভুটানের বিভিন্ন লোকেশনে আমরা শ্যুটিং করব। এ সিনেমায় আমাকে বিশেষ সিবিআই অফিসার চরিত্রে দেখা যাবে। চরিত্রের নাম জাকিয়া খান। আমার প্রকৃত নামের সঙ্গে নামটির মিল রয়েছে। তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে চরিত্রটিতে অভিনয় করে। গল্পে দেখা যাবে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব চেষ্টা। আমি সেই রহস্য উন্মোচনের চেষ্টা করি। এটি নির্মাণ করছেন সামির খান। আরও অভিনয় করছেন তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পান্ডে, সোনম ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমার প্রাথমিক পোস্টারও প্রকাশ হয়েছে। সব মিলিয়ে আমি উচ্ছ্বসিত।

আজ প্রচার হবে আপনার অভিনীত টেলিফিল্ম ‘নীলমায়া’। এ নাটকটি কেমন?

বাংলাভিশনে আজ বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা সুমন আনোয়ার। আমার সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও শ্যামল মাওলা। আমাদের তিনজনের সম্পর্কের গল্প এটি। এতে আমি আর চঞ্চল চৌধুরী স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কিন্তু এই সম্পর্কের মধ্যে গড়ে ওঠে আরেক সম্পর্ক। সুনির্মিত ও ভালো গল্পের নাটক এটি। আশা করি দর্শকের ভালো লাগবে।

এবার ঈদের কাজে কেমন সাড়া পেয়েছেন?

এত কাজের ভিড়ে আমার কাজগুলো এবার সত্যিই বেশ ভালো সাড়া পেয়েছে। আমি এমন কিছু কাজের সুযোগ পেয়েছি, যা সংগত কারণেই প্রচারের আগে থেকে আলোচনায় ছিল। যেমন হানিফ সংকেত দুই ঈদেই শুধু দুটি নাটক করেন। তার নাটকটিতে এবার আমি অভিনয় করেছি। এর নাম ‘অজ্ঞ বিজ্ঞ সমাচার’। এ নাটকের আলাদা দর্শক তৈরি আছে। এ ছাড়া এখনকার ব্যস্ত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর নাটক ‘আশ্রয়’ নিয়েও অনেক আলোচনা হয়েছে। কারণ এতে প্রথমবারের মতো মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও আমি অভিনয় করেছি। দুটি নাটকেই দারুণ সাড়া পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত