৬৫ অভিবাসনপ্রত্যাশী গ্রেপ্তার

মেক্সিকো সীমান্তের কাছে ক্ষুধার্ত বাংলাদেশি

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:৫২ এএম

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে পানিশূন্য ও ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশিসহ ৬৫ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানিয়েছে এএফপি।

মেক্সিকো পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

মেক্সিকোর জননিরাপত্তা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ভেরাক্রুজ রাজ্যের হাইওয়েতে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীকে খুব কাহিল অবস্থায় উদ্ধার করে কেন্দ্রীয় পুলিশের একটি টহল দল। তাদের প্রত্যেককে খাবার, পানীয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কাছের একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। নৌপথে উত্তর সীমান্তে যেতে অনেক দিন ব্যয় হওয়ায় সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যায় অভিবাসনপ্রত্যাশীদের। পুলিশ উদ্ধার না করলে হয়তো জীবন বিপন্ন হতো তাদের।

দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে যাওয়া ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী গত ২৪ এপ্রিল কাতার থেকে তুরস্কে যান। তারপর তুরস্ক থেকে কলম্বিয়া, কলম্বিয়া থেকে ইকুয়েডর, ইকুয়েডর থেকে পানামা, পানামা থেকে গুয়াতেমালা এবং অবশেষে গুয়াতেমালা থেকে মেক্সিকো পৌঁছান।

মেক্সিকোয় পৌঁছানোর পর কেয়াটসাকোরকোস নদী হয়ে নৌকায় মেক্সিকোর উত্তর দিকের সীমান্তে চলে যান তারা। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কেন অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকোর ওই প্রান্তে গেলেন তা বোঝা যাচ্ছে না। কারণ মেক্সিকোর উত্তর সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত অনেকটা দূরে।

মেক্সিকোতে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের আটকের ঘটনা ঘটে। ধরা পড়া ৬৫ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত