স্বাধীন হতে ভারতের সমর্থন চায় বেলুচিস্তান

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:৫৪ এএম

পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়তে ভারতের সমর্থন চেয়েছে বেলুচিস্তানের একাধিক অধিকারকর্মী। গতকাল শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তবে ডন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের দিনকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেছে বেলুচিস্তান। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে এই কালো দিবস পালন করা হয় বলে জানা যায়।

আশরাফ শারজান নামে এক অধিকারকর্মী ভারতের স্বাধীনতা দিবসে সে দেশের মানুষের জন্য শুভ কামনা জানান। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘসহ অন্যান্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে বেলুচিস্তানের পক্ষে আওয়াজ তুলতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি। বেলুচিস্তানের জনগণ পাকিস্তান ও তার সামরিক সংস্থার হাতে গণহত্যার শিকার হচ্ছে। বেলুচিস্তানে রক্তক্ষরণ হচ্ছে।’

আত্তা বেলুচ নামে এক অধিকারকর্মী বলেন, ‘গত ৭০ বছরে ভারতীয়দের অর্জিত সফলতা তাদের জন্য গর্বের বিষয়। আজ বিশ্বজুড়ে ভারতীয়রা গর্বিত। তাদের সংহতি ও সহযোগিতার জন্য আমরা বেলুচরা কৃতজ্ঞ। আমরা চাই বেলুচিস্তানের স্বাধীনতার জন্য তারা আওয়াজ তুলুক। তাদের সহযোগিতা আমাদের দরকার। আপনাদের ধন্যবাদ, জয় হিন্দ।’

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ প্রদেশ বেলুচিস্তান। ১৯৪৮ সাল থেকে এ প্রদেশের জনগণ পাকিস্তানি দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। তাদের অভিযোগ, পাকিস্তানের ছত্রছায়ায় চীন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সমৃদ্ধ এই অর্থনৈতিক সম্পদ লুণ্ঠন করছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত