ধর্মীয় কারণে সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হলেন তামিল ও বলিউড সিনেমার জনপ্রিয় নায়ক আর মাধবন। কেউ কেউ ‘নকল হিন্দু’ বলে আখ্যা দেন তাকে।
জি নিউজ জানায়, রাখি পূর্ণিমা ও অভনি অভিত্তম ছিল বৃহস্পতিবার। এই উপলক্ষে ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মাধবন।।
সেখানে তাদের পেছনে দেখা যাচ্ছে খ্রিষ্টান ধর্মের প্রতীক ক্রস। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয় অভিনেতাকে। তাকে ‘নকল হিন্দু’ বলে আক্রমণ করেন কেউ কেউ।
প্রশ্ন তোলা হয়, “আপনার বাড়ির মন্দিরে ক্রস কেন? আপনি আমার শ্রদ্ধা হারালেন। আপনি কি খ্রিষ্টানদের চার্চে হিন্দুদের দেবতাকে খুঁজে পান? আপনি নাটক করছেন।”
অবশ্য এই আক্রমণের কড়া জবাব দিয়েছেন মাধবন। তিনি লেখেন, “আমি আপনার মতো মানুষের শ্রদ্ধার পরোয়া করি না। আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি আপনার অসুস্থ মানসিকতায় হতবাক। আপনি যদি আমার ছবির সঙ্গে স্বর্ণমন্দিরের ছবি দেখেন, তাহলে প্রশ্ন করবেন যে আমি শিখ হয়ে গিয়েছি? আমি দরগা, গুরুদুয়ারা থেকে চার্চ পৃথিবীর সব ধর্মীয়স্থানেই প্রার্থনা করে থাকি। প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন।”
‘থ্রি ইডিয়টস’ সিনেমার এই নায়কের বক্তব্য সমর্থন করেও অনেকে এগিয়ে এসেছেন।
