লড়াই নয়, উদারতা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:৪৫ পিএম

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘দ্য প্রফেশনাল’-এ মাত্র ১৪ বছর বয়সে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন নাটালি পোর্টম্যান। তারপর দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অনন্য উচ্চতায়। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে তিনি দুনিয়া কাঁপিয়েছেন। হলিউড-ভক্তদের জন্য এবার চমক নিয়ে আসছেন নাটালি। মারভেল কমিকসের সুপারহিরো ‘থর’-এর বিপরীতে ‘লেডি থর’ রূপে অভিষেক ঘটতে যাচ্ছে এই তারকার। সম্প্রতি মারভেল স্টুডিওজ ঘোষণা দিয়েছে তাদের সুপারহিরো সিরিজ ‘থর’-এর চতুর্থ কিস্তি নির্মাণের। ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ শিরোনামে সিনেমাটিতে গড অব থান্ডারের চরিত্রে থাকবেন চিরচেনা হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। তবে সিনেমাটিতে নারী থরের চরিত্রের মাধ্যমে মারভেল কমিকসে অভিষেক ঘটতে যাচ্ছে সুন্দরী নাটালি পোর্টম্যানের। পরিচালক টাইকা ওয়েতিতিও আবার পরিচালনায় ফিরছেন এ সিনেমার মাধ্যমে। টাইকা জানান, পোর্টম্যানকে ফিমেল থর হিসেবে পেয়ে তিনি বেজায় খুশি। সিনেমাটি নির্মাণের পর বাচ্চাদের নিয়ে সিনেমা হলে বসে একসঙ্গে দেখতে চান তিনি। কারণ, সিনেমাটি দুর্দান্ত হবে। গল্পটি অন্তত সে কথাই বলছে।

এদিকে সম্প্রতি দারুণ এক ঘটনা ঘটিয়েছেন আরেক অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। হলিউড থেকেই নায়িকাদের মধ্যে ঠা-া যুদ্ধ শুরু হয়। সেই ষাটের দশক থেকেই শীর্ষ দুই হলিউড তারকা মেরিলিন মনরো ও বেটি ডেভিস দুজন দুজনকে একদম সহ্য করতে পারতেন না। সেই চল এখনো আছে হলিউডে। এ সময়ের অনেক নায়িকাই একজন আরেকজনের চক্ষুশূল। উদাহরণস্বরূপ বলা যায়, অস্কারজয়ী দুই নায়িকা জেনিফার লরেন্স ও এমা স্টোনের কথা, গায়িকা টেইলর সুইফট ও বিয়ন্সের কথা; এমনকি র‌্যাপার কার্ডি বি ও নিকি মিনাজের কথা। আর বলিউডে তো নায়িকাদের মন কষাকষির খবর প্রায়ই শোনা যায়। কঙ্কনা-আলিয়ার বৈরী সম্পর্ক, ক্যাটরিনা-দীপিকার প্রতিযোগিতাÑ চলছেই। দেশে দেশে এমন যখন নায়িকাদের মধ্যকার সম্পর্ক, তখনই কেট ব্লানচেট প্রকাশ্যে শুভেচ্ছা জানালেন আরেক নায়িকা নাটালিকে। থর সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে রূপদান করছেন বলেই তাকে এই শুভেচ্ছা জানিয়েছেন কেট।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নাটালির জন্য গর্বিত। পুরুষশাষিত হলিউডে নাটালি এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্র পর্দায় তুলে ধরতে যাচ্ছে। আমি তার আগের অনেক কাজই দেখেছি। আমি বিশ^াস করি, নাটালি এ সিনেমায়ও দুর্দান্ত কাজ করবে, যা পরবর্তীকালে অভিনেত্রীদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

কতটা বড় মনের অধিকারী হলেই এমনভাবে বলা যায়! কারণ, এই সিনেমার জন্যই নাকি কেট ব্লানচেটের নামও প্রস্তাব করা হয়েছিল। এমন হলে অন্য নায়িকারা হয় যুদ্ধ বাধাতেন, নয়তো পুরো বিষয়টিকে এড়িয়ে যেতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত