অভিনয়ের প্রতি আমি আরও বেশি মনোযোগী

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:৪৬ পিএম

তাহসান খান। ব্ল্যাক ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে একক সংগীতশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। এখন অভিনেতা হিসেবেও জনপ্রিয় তিনি। ঈদে তার একাধিক নাটক বেশ দর্শকপ্রিয় হয়েছে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

এবার ঈদেই সর্বোচ্চ নাটক...

আমি সাধারণত ঈদ, পহেলা বৈশাখ আর ভালোবাসা দিবসের নাটকই করি। তাও খুব হাতেগোনা। ঈদে হয়তো তিন-চারটি নাটকে অভিনয় করতাম। তবে এবার ঈদে বিভিন্ন চ্যানেলের ৯টি নাটকে কাজ করেছি। এর মধ্যে আরটিভিতে প্রচার হয়েছে ‘কোনো এক বিকেলের হলুদ শাড়ি’, ‘আশ্রয়’, ‘আমার মিস্টার পরিষ্কার’ ও ‘ফ্রাইডে লাভ’। আর বাংলাভিশনে প্রচার হয়েছে ‘মায়া সবার মতো না’, ‘ইনকমপ্লিট’, ‘লেডি কিলার টু’, ‘ডেইট’ ও ‘শেষ বিকেল’ নাটকগুলো। এ নাটকগুলোতে আমার বিপরীতে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন, সারিকা ও তানজিন তিশা।

এবার এত নাটক কেন?

আসলে ভালো গল্পের নাটক হলেই কেবল করি। কারণ অভিনয় আমার পেশা নয়। তবে এখন অভিনয় নিয়েও দর্শক আমার কাছে অনেক বেশি প্রত্যাশা করেন। তাই এখন অভিনয়ের প্রতি আমি আরও বেশি মনোযোগী। এত দিন গান আর আর শিক্ষকতা পেশাকে বেশি গুরুত্ব দিয়েছি। আপাতত শিক্ষকতা করছি না। তাই আমার হাতে আগের তুলনায় সময় বেশি আছে। আর এবার ঈদে যে নাটকগুলোর প্রস্তাব পেয়েছি, তার প্রতিটির গল্প ও তার চরিত্রে ভিন্নতা লক্ষ করেছি। আমার কেন যেন মনে হয় এবার ঈদ থেকেই নাটকের গল্প নিয়ে লেখক, পরিচালক ও প্রযোজকরা ভাবতে শুরু করেছেন। এই বিষয়টি ইতিবাচক। এমন ধারা অব্যাহত থাকলে আমরা হয়তো নাটককে আবারও তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে পারব।

ঈদ নাটকে সাড়া...

আমি আগেই বলেছি এবারের নাটকের গল্প পূর্ববর্তী অনেক ঈদের তুলনায় মানসম্মত। আর মানসম্মত কাজ সবাই দেখতে চায়। একটি ভালো কাজ চাইলেও লুকিয়ে রাখা যায় না। দর্শক তা খুঁজে বের করে দেখেন। সব মিলিয়ে বেশ ভালো সাড়া পেয়েছি। লক্ষ করলে দেখা যাবে রোমান্টিকের পাশাপাশি অন্যরকম গল্পের নাটকও করেছি। যেমন ‘আশ্রয়’ নাটকটিতে দেখা যায় বাবা-মাকে সন্তানরা আশ্রমে দিয়ে আসে। আমি আর স্ত্রী তিশা তাদের ঘরে নিয়ে আসি। আমাদের বাবা-মায়ের অভাব দূর হয়। বাবা-মায়ের চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম ও মম। সব মিলিয়ে দারুণ ফিডব্যাক পেয়েছি নাটকটি থেকে। আবার ‘আমার মিস্টার পরিষ্কার’ নাটকে আমি খুব পরিষ্কার থাকতে পছন্দ করি, এমনকি কারও সঙ্গে হ্যান্ডশেক করতে হলেও আমি টিস্যু ব্যবহার করি।

দ্বিতীয় চলচ্চিত্র...

সবকিছু সঠিক ছিল বলে ‘যদি এক দিন’ সিনেমায় কাজ করেছি। ঠিক এমনভাবে যদি কোনো প্রস্তাব সামনে আসে অবশ্যই কাজ করব। আমি এখন গান নিয়ে আছি। ঈদে সিএমভির ব্যানারে একটি গান প্রকাশ হয়েছে। তা ছাড়া নতুন গানের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত