লিভারপুল-আর্সেনালের জয়

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০২:০১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও আর্সেলান। সাউদাম্পটনকে ২-১ গোলে লিভারপুল ও বার্নলিকে একই ব্যবধানে হারায় আর্সেনাল। লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে উভয় দলই।

এমিরেটস স্টেডিয়ামে গানারদের হয়ে গোল করেন আলেজান্দ্রে লাকাজেতে ও পিয়েরে-এমরিক আওবেমেয়াং। প্রিমিয়ার লিগে গত সাতবারের দেখায় প্রতিবারই বার্নলিকে হারাল উনাই এমেরির দল।

আর্সেনালের হয়ে এই ম্যাচে অভিষেক হয় ব্রাজিলিয়ান ডেভিড লুইজের। এ মৌসুমেই ৮ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে আর্সেনালে যোগ দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে গানারদের এগিয়ে দেন লাকাজেতে। ৪৩ মিনিটে বার্নলির হয়ে সেই গোল শোধ দেন অ্যাশলে বার্নেস। ৬৪ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন আওবেমেয়াং।

অন্যদিকে দুই গোলে এগিয়ে থেকে সহজ জয় দেখছিল লিভারপুল। কিন্তু গোলরক্ষক আদ্রিয়ানের হাস্যকর ভুলে খেলায় ফেরে সাউদাম্পটন। শেষ দিকে দলটি সহজ সুযোগ নষ্ট না করলে পয়েন্টই খোয়াতে হতো ইয়ুর্গেন ক্লপের দলকে।

দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জয় পেল লিভারপুল ও আর্সেনাল। টেবিলের শীর্ষে লিভারপুল আর দ্বিতীয় স্থানে থাকল আর্সেনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত