কলকাতায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। গত শুক্রবার মধ্যরাতের পর লাউডন স্ট্রিটের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রাত ২টার দিকে একটি জাগুয়ার গাড়ি তীব্র গতিতে শেক্সপিয়ার সরণি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাচ্ছিল। লাউডন স্ট্রিটের কাছে সেটি একটি মার্সিডিজকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের একটি পোস্টে ঢুকে পড়ে। তুমুল বৃষ্টির মধ্যে কাজী মুহাম্মদ মঈনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (২৮) নামে দুই বাংলাদেশি ওই পোস্টে আশ্রয় নিয়েছিলেন।
গাড়িটি তাদের দুজনকেই চাপা দেয়। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত মঈনুল আলমের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। তানিয়া ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। তাদের সঙ্গে জিয়াদ নামে আরেক বাংলাদেশিও এই দুর্ঘটনার শিকার হন।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, অপর বাংলাদেশি আহত হয়েছেন। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ম্ঈনুল আলম চোখের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। আর ফারহানা ইসলাম তানিয়া সিটি ব্যাংকে কাজ করেন।
দুর্ঘটনার সময় জাগুয়ারটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার জন্য কলকাতার নামি রেস্তোরাঁ আরসালানের মালিকের ছেলে পারভেজ আরসালানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন।
