দেশের জনগণ কবে নিরাপদ জীবনযাপনের অধিকার পাবে তা জানতে চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শনিবার গণফোরাম নেতাদের নিয়ে ঢাকার মিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ প্রশ্ন রাখেন তিনি।
ড. কামাল বলেন, ‘আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ তায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক।’ তিনি বলেন, ‘একটার পর একটা অগ্নিকা- আমাকে আর কতবার দেখতে হবে! মানুষ কবে পাবে নিরাপদে জীবনযাপনের অধিকার?’ গণফোরাম সভাপতি এ সময় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সহায়তায় অবিলম্বে সরকারের পাশাপাশি সব সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
গণফোরামের সাধারণ সম্পাদক ড. ররেজা কিবরিয়া বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন ও ক্ষমতা দখলকারীরা মানবতাবোধ নিয়ে এতখানি উদাসীন, এজন্য একদিন তাদের জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারিত্ব চায় না।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান এমপি, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, অ্যাডভোকেট মহসিন রশীদ, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, দপ্তর সম্পাদক মো. আজাদ হোসেন, স্থায়ী পরিষদ সদস্য আব্দুল বাতেন খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, ঢাকা মহানগর উত্তর গণফোরাম সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।
