ধর্ষণের শিকার ২ শিশু

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৩:৫০ এএম

সাতক্ষীরার গোবিন্দকাটি গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক সাজু সরদার (২২) পলাতক রয়েছে।

ওই ছাত্রীর স্বজনরা জানান, গতকাল সকালে বৃষ্টির সময় বাড়িতে সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী চাচাত ভাই সাজু ওই স্কুলছাত্রীকে খাবার খাওয়াবে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে তার মা ও স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছাতিয়ানি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই এ ঘটনার পর স্থানীয় মাতবরদের কাছে বিচার চাইতে গেলে তারা মামলা করে দেবে বলে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে ৭ আগস্ট ডামুড্যা থানায় মামলা করে পরিবারটি। এতে চরধানকাঠি গ্রামের মোমিন বেপারিকে আসামি করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে নৌকায় তুলে নিয়ে যায় মোমিন বেপারি। এরপর পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে। ঘটনার পর মোমেন পালিয়ে যায়।

ওই ছাত্রীর বাবা বলেন, বিচার পেতে স্থানীয় মাতবরদের কাছে গেলে তারা সাত হাজার টাকা নেয়। কিন্তু তাদের কাছে গিয়ে বিচার পাইনি। তাই মোমেন ও তার চাচাত ভাই আবুর বিরুদ্ধে থানায় ও কোর্টে মামলা করা হয়েছে।

ডামুড্যা থানা পুলিশের ওসি (তদন্ত) ইমারত হোসেন বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার পর মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত