সহপাঠী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর কমিশনারের ছেলে শিঞ্জন রায় গ্রেপ্তারের পর এখন মামলা তুলে নিতে ওই ছাত্রী ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীর পরিবারের দাবি, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের পক্ষে কিছু লোক অর্থের প্রলোভন দেখানোর পাশাপাশি নানা হুমকি দিচ্ছে।
এদিকে আজ রবিবার মহানগর হাকিমের আদালতে শিঞ্জন রায়ের রিমান্ড শুনানির কথা রয়েছে। গত শুক্রবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই তৌহিদুর রহমান বলেন, ছাত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মামলাটির অধিকতর তদন্তের জন্য আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
সহপাঠী ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে
শিঞ্জন রায়কে (২৫) গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। শিঞ্জনের সঙ্গে এক বছর ধরে সম্পর্ক চলছিল ধর্ষণের শিকার ওই ছাত্রীর। সে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছে। গত বুধবার অন্য এক মেয়েকে বিয়ে করে শিঞ্জন। জানতে পেরে শিঞ্জনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা করে ওই ছাত্রী। শিঞ্জন এবং ওই ছাত্রী খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।
এখনো আটক হয়নি শিশুর ধর্ষক : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন টুটপাড়ার মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের ঘটনার মূল আসামিকে ৩৮ ঘণ্টায়ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষকের পরিচয়ও বের করা যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় এক যুবক তাকে পার্শ্ববর্তী একটি বাড়ির সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখনো সেখানে চিকিৎসাধীন।
