ইটনায় ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৩:৫৩ এএম

ইটনায় মেরাজ মিয়া (৪৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এলংজুরী বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এলংজুরী গ্রামের বাসিন্দা মেরাজ ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, গত বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে ৬নং ওয়ার্ডের মেম্বার সিরাজ মিয়ার পক্ষের লোকজনের ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে উভয়পক্ষ এলংজুরী বাজারে সালিশে বসে। এ সময় সিরাজের লোকজন গোলাপকে লাঞ্ছিত করেন। বিকেলে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ বৈঠকে বসে। বৈঠকের একপর্যায়ে বাজারের একটি দোকানে মালামাল কিনতে যান সিরাজের ভাই মেরাজ। এ সময় তার ওপর দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন চড়াও হন। তাদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন মেরাজ। পুলিশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ওসি বলেন, থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত