শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে কুপোকাত হলো বাংলাদেশ ইমার্জিং টিম। লঙ্কানদের রান পাহাড় তাড়া করতে নেমে খুব বাজে ভাবে ব্যর্থ হয় স্বাগতিক ব্যাটসম্যানরা। বিকেএসপিতে ১৮৬ রানের বড় ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
রবিবার টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নামা বাংলাদেশকে মাত্র ২৮.৩ ওভারে অলআউট করে দেয় লঙ্কানরা। মাত্র ১১৮ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই ৪ উইকেটে নিয়ে গুঁড়িয়ে দেন শান্তর দলকে। তার আগে ব্যাট হাতেও মাত করেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।
আগে ব্যাট করতে নেমে শফিকুল ইসলামের পেসে দলীয় ৫৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও খেই হারায়নি অতিথি দল। ৭৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক চেরিথ আসালঙ্কা। ব্যাটে ঝড় তোলেন ছয় নম্বরে নামা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪৬ বলে সাত চার ও তিন ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি।
১৭ বল খেলে অপরাজিত ২৯ রান করেছেন আশেন বান্দারা। অন্যদের সান্দুন ভিরাকোদ্দি ৩১, শাম্মু আশান ৩৩ ও কামিন্দু মেন্ডিস ২৮ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম সর্বাধিক ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম।
জবাব দিতে নেমে ওপেনার সাইফ ছাড়া আর কেউই উইকেটে সেভাবে থিতু হতে পারেননি। ৭০ বলে ৬ চারে ৫০ রান করেন সাইফ। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেন শুধু আফিফ হোসেন (১৯) ও মহিদুল ইসলাম অঙ্কন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গার ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন শিরান ফার্নান্দো, নুয়ান থুসারা ও আমিলা আপোনসো।
