এক দিনে বেড়েছে ডেঙ্গু রোগী

আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:১৯ এএম

রাজধানীসহ সারা দেশে আবারও নতুন ডেঙ্গু রোগী বেড়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৩৪ জন আর ঢাকার বাইরে ৯৫২ জন। তার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন ভর্তি হয়েছিল ১ হাজার ৪৬০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়। এছাড়া সারা দেশে ডেঙ্গু আক্রান্তে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশ রূপান্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০৯ জনে পৌঁছেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ৭০টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৫ হাজার ৯৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ১৬৮ জন রোগী। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৬৮ জন আর ঢাকার বাইরে ৩ হাজার ৫০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৯৭ জন, মিটফোর্ড হাসপাতালে ৯৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫২ জন, বিএসএমএমইউতে ৩৬ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ জন রোগী ও নাটোরে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৭৭ জন রোগী।

ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে আলোচ্য ২৪ ঘণ্টায় ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৮ জন ও খুলনা বিভাগে ১৩৩ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া রংপুর বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আরও ৫ জনের মৃত্যু : আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন।

সিরাজগঞ্জে মেহেদী হাসান (১৭) নামে এক কলেজছাত্র শনিবার রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জেলার কামারখন্দ উপজেলার জামতৈল কোরব আলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। হাসপাতালের দায়িত্বরত এমআরও ডা. ফরিদুল ইসলাম জানান, মেহেদীর ১২ আগস্ট ডেঙ্গু ধরা পড়লে ১৪ আগস্ট ওই হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত আরেক ব্যক্তি মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে মৃত্যুবরণকারী ওই রোগীর নাম ইউনুস শেখ (৫৫)। ইউনুস শেখ রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ইউনুস শেখ গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গনিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে নাজিম উদ্দিন ডেঙ্গু আক্রান্তে গতকাল ভোরে ঢাকার বেসরকারি ইউনিভার্সাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা-নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। নাজিমের চাচা সহিদ উদ্দিন জানান, নাজিম শনিবার ছুটিতে জ্বর নিয়ে বাড়িতে এসে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত স্থানীয় বেসরকারি রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে এবং রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল।

জামালপুরের চন্দ্রা এলাকায় হামিদুল ইসলাম রাজু নামে  ডেঙ্গু আক্রান্ত ১ জন মারা গেছে। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

জামলপুরের দেওয়ানগঞ্জের চুনিয়া পাড়া গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী বৃষ্টি বেগম ডেঙ্গু আক্রান্তে মারা যান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত