বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:২৬ এএম

কুমিল্লার লাঙ্গলকোটের জোড্ডা গ্রামে ঈদ করে পরিবার নিয়ে শহরে কর্মস্থলে ফিরছিলেন রেস্টুরেন্ট ব্যবসায়ী জসিম উদ্দিন। পথিমধ্যে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ওই পরিবারে ছয়জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়ছে বেঁচে যাওয়া আট বছরের ছেলে রিফাত। তাকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। পরিবারটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

গতকাল রবিবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকার জামতলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জসিমের দোকানের কর্মচারী ও সিএনজিচালক নিহত হয়েছেন।   

নিহতরা হলেন জসিম উদ্দিন (৪৫), তার শাশুড়ি সকিনা বেগম (৮০), স্ত্রী সেলিনা আক্তার (৩৫), ছেলে শিপন (১৮), হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩), জসিমের দোকানের কর্মচারী মো. সায়মন হোসেন (১৪) ও সিএনজিচালক জামাল উদ্দিন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জসিম উদ্দিন ঈদের পরদিন নিজ গ্রামে স্বজনদের সঙ্গে দেখা করে সপরিবারে কুমিল্লার শহরে ফিরছিলেন। পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই উপজেলার জামতলী এলাকায় ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় উল্টো সাইডে এসে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ সিএনজিতে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় নিহত পরিবারের ছোট ছেলে রিফাত গুরুতর আহত হলে তাকে কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাস ও সিএনজিটি উদ্ধার করেছে।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুদার জানান, তিশা বাসের চালককে আটকের চেষ্টা চলছে, মামলা দায়েরের পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন কুমিল্লা নগরীর গোয়ালপট্টি এলাকার পানপট্টি সড়কে বন্ধন নামের একটি হোটেলের মালিক ছিলেন। কুমিল্লা নগরীর বাসায় কোরবানির ঈদ উদযাপন এবং কোরবানি দিয়ে ঈদের পর দিন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যান। ছেলে শিপন ও হৃদয় বাবার সঙ্গে হোটেলে কাজ করত। রিফাত নগরীর ছাতিপট্টি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। নিহত নিপু আক্তার কুমিল্লা হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। আজ সোমবার তার মেয়ে নিপুর স্কুল খোলা এবং ছেলে রিফাতের মাদ্রাসা খোলাকে কেন্দ্র করে সপরিবারে কুমিল্লায় ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় সপরিবারে নিহতের ঘটনায় কুমিল্লা নগরীর গোয়ালপট্টি এবং গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে তার আশপাশের ব্যবসায়ীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন। গতকাল বিকেলে নিহত জসিমের মরদেহ কর্মস্থলে আনা হয়। সন্ধ্যায় জসিমসহ তার পরিবারের নিহত সবাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

লক্ষ্মীপুরে কলেজছাত্র নিহত : লক্ষ্মীপুরে নতুন মোটরসাইকেল নিয়ে সড়কে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে পৌর শহরের জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও পৌর শহরের বাঞ্ছানগর এলাকার সৌদিপ্রবাসী আবুল খায়েরের ছেলে।

স্বজনরা জানান, প্রবাসী ফেরত বাবার কাছে মোটরসাইকেলের আবদার করে ছেলে। ঠিকমতো না শিখেই  চালাতে রবিবার ভোরে গাড়িটি নিয়ে বের হয় ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজছাত্র ইব্রাহীম অদক্ষ চালক ছিল। তা ছাড়া হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে।

টাঙ্গাইলে ওয়ার্কশপ কর্মচারী নিহত : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামের এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আশেকপুরে একটি দোকানে ওয়ার্কশপের কর্মচারী হিসেবে কাজ করতেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, রবিবার সকালে আল আমিন হেঁটে মহাসড়কের এক পাশ দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মহাসড়কের আশেকপুর এলাকায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি (বাস কিংবা ট্রাক) চাপা দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জে বৃদ্ধসহ নিহত ২ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে মুকসুদপুর ডোমরাকান্দি ও কাশিয়ানীর রাতইল এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকার নুরুল মোড়ল (৭০) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের তাহের শরীফের ছেলে হাবিব শরীফ (৪০)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, নুরুল মোড়ল বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নুরুল মোড়ল ঘটনাস্থলে নিহত হন।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, হাবিব শরীফ মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি রাতইল এলাকায় পৌঁছালে খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক হাবিব শরীফ মারা যান এবং আরোহী এনায়েত হোসেন আহত হন।

রাজধানীতে দুজন নিহত : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী ও তুরাগে অজ্ঞাতনামা (৬০) এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় বাড্ডায় এবং শনিবার রাত ১১টার দিকে তুরাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিরুল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারিকুমারপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি থাকতেন রাজধানীর উত্তর বাড্ডায়। শহিরুল কাঁচামালের ব্যবসা করতেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাকিল হোসেন জানান, উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া তুরাগ কামারপাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে পথচারী সোহাগ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁওয়ে যুবক নিহত : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জেলার পীরগঞ্জ-রানীশংকৈলে একটি মোটরসাইকেল আরেকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মোমিন রানীশংকৈল উপজেলার পোকম্বা গ্রামের একরামুলের ছেলে। এ ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে বাস ডোবায়, আহত ১৯ : কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামল ছায়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে গেছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আহত অবস্থায় ১৯ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত