শহীদুল আলমের মামলা

তদন্ত স্থগিতের আদেশ বহাল, রুল নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:৪৮ এএম

আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা আপিল বিভাগে বহাল রয়েছে। এ সংক্রান্তে হাইকোর্টের জারি করা রুল আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে এই মামলার তদন্ত কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রইল বলে জানান শহীদুলের আইনজীবী জ্যোতির্ময় বড়–য়া। তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে রুলটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

শহিদুলের পক্ষে আরও শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘যে আইনের মামলায় শহিদুল আলমকে আসামি করে এফআইআর হয়েছিল সেই আইনের কয়েকটি ধারা পরবর্তী সময়ে বাতিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিল। এ আদেশের বিরুদ্ধে গত ৪ এপ্রিল আমাদের করা লিভ পিটিশনের ওপর শুনানি নিয়ে আজ (গতকাল) আপিল বিভাগ ওই রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।

এর আগে মামলার তদন্ত কার্যক্রম বাতিল চেয়ে শহিদুল আলমের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে তদন্ত কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়।

পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ৫৭ ধারায় করা এই মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সংবিধানের ৩১ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি হয়।    

২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ৫  আগস্ট শহীদুল আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ১৫ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দিলে কারামুক্তি পান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত