এক বছরের জন্য নিষিদ্ধ আফগানিস্তানের শেহজাদ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:৪৩ পিএম

আচরণবিধি লঙ্ঘন করায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে বড় শাস্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবি। এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এই সময়ে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

শেহজাদকে সম্প্রতি পাকিস্তানের শহর পেশওয়ারে অনুশীলন করতে দেখে গেছে। আফগানিস্তানে অনুশীলনের সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অন্য দেশে গিয়ে তার অনুশীলন করাটা ভালোভাবে নেয়নি এসিবি। বোর্ডের আপত্তিতে শেহজাদ কর্ণপাত করেননি। বারবার দেশ ছাড়লে তার চুক্তি বাতিলও করা হতে পারে, এই ভয় দেখিয়েও কাজ হয়নি। শেষমেশ উপায়ন্তর না দেখে শেহজাদকে নিষিদ্ধই করে বসল তারা।

শেহজাদের বিরুদ্ধে অভিযোগ, বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করে বিদেশ ভ্রমণ করেছেন তিনি। এ জন্য ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আফগান ক্রিকেট বোর্ড। রোববার শাস্তির মাত্রাটা বেঁধে দিল তারা।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “অনুশীনের জন্য এসিবিতে সমৃদ্ধ সব সরঞ্জামাদি রয়েছে। এজন্য আফগান খেলোয়াড়দের বাইরে যাওয়ার দরকার নেই।”

আন্তর্জাতিক ক্রিকেটে শেহজাদের অভিষেক হয় ২০০৯ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে। ঠিক পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। টেস্ট মর্যাদা পাওয়ার পর দুটি ম্যাচ খেলে আফগানিস্তান। দুই টেস্টেই জাতীয় দলে ছিলেন তিনি।

তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলার পর তাকে ইনজুরির অজুহাত দিয়ে বসিয়ে রাখা হয়। শুধু শেহজাদই নন, বিশ্বকাপের ঠিক আগে আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পর পাশাপাশি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে বসিয়ে রাখা হয়। দলের পরাজয়ে কঠোর সামালোচনা হলে আসগর আফগানকে দলে ফেরানো হলেও শেহজাদকে আর ফেরানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত