পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘রাজধানী ঢাকাসহ সব মেট্রোপলিটন শহরে পরিবেশদূষণ (যানবাহন ব্যবস্থাপনাসহ) প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কাজে বিদ্যমান অনিয়ম-দুর্নীতি, অবহেলা, হয়রানি ইত্যাদি নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে।’ গতকাল সোমবার কমিশনের প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে ওই সভায় সিদ্ধান্ত হয়, প্রথমেই পরিবেশদূষণ প্রতিরোধে নিয়োজিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিদের সঙ্গে এসব বিষয় নিয়ে বিশেষ মতবিনিময় সভা করবে কমিশন। আলোচনার মাধ্যমে প্রাপ্ত মতামতের আলোকে এসব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ইকবাল মাহমুদ আরও বলেন, ‘পরিবেশদূষণ রোধে নিয়োজিত সংস্থাগুলোর কিছু কর্মচারীর দুর্নীতি ও অবহেলার কারণে দেশের মানুষ, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। খাদ্যদূষণ, স্যানিটেশন ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা, পানিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণের সমন্বিত নেতিবাচক ফলাফল হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। পরিবেশদূষণ রোধ করা যেসব সংস্থার দায়িত্ব; তাদের কিছু কর্মচারীর দুর্নীতির কারণে মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে মর্মে কমিশনে অভিযোগ আসছে। কমিশন এগুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’
