শেষ পর্যন্ত পারলেন না স্টিভ স্মিথ। কনকাশনের শিকার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক হেডিলিংতে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না। তাকে পুরোপুরি ফিট করার প্রক্রিয়ায় ক্ষান্ত দিতে হয়েছে অস্ট্রেলিয়া দলের মেডিকেল স্টাফদের।
লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার ১ম ইনিংসের ৭৭তম ওভারে বল করছিলেন অভিষিক্ত পেসার জোফরা আর্চার। ৮০ রানে তখন ব্যাট করছিলেন স্মিথ। হঠাৎ ৯০ মাইল গতির একটা বল আঘাত হানে স্মিথের বাম কানের নিচে। লুটিয়ে পড়েন স্মিথ। শুশ্রƒষা নেওয়ার পর অবশ্য উঠে দাঁড়ান। খেলতেও চেয়েছিলেন। কিন্তু অজি দলের মেডিকেল স্টাফরা রাজি হননি। সাজঘর থেকে পরে অবশ্য ফিরে ৯ বল ব্যাট করেছিলেন স্মিথ। আউট হন ৯২ রান করে। পরের দিন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সারা রাত স্মিথকে মেডিকেল স্টাফরা নজরে রেখেছিলেন। ও ভালো ঘুমিয়েছিল। কিন্তু সকালে মাথা ব্যথা করছিল তার। কিছুটা শারীরিক অস্থিরতাও ছিল ওর মধ্যে।’ কনকাশন নিয়ম অনুযায়ী সকালে আরও এক দফা পরীক্ষা করা হয় স্মিথকে। দেখা যায় ওর চোটের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। সরিয়ে নেওয়া হয় স্মিথকে ম্যাচ থেকে ইতিহাসে প্রথমবার কোনো কনকাশনের বদলি নেওয়া হয়।
লর্ডস টেস্টের পঞ্চম দিনে লাবুশেন খেললেও আশা করা হচ্ছিল হেডিংলি টেস্টে খেলতে পারবেন স্মিথ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তখন বলেছিল, ‘এই রকম ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে, ত্রিশ শতাংশ ক্রিকেটারের ক্ষেত্রে চোটের গভীরতা পরে বোঝা যায়। সেই কারণে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। তৃতীয় টেস্টের আগে ও কতটা ফিট, সেটা দেখেই খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সব দেখেশুনে তৃতীয় টেস্টে স্মিথকে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল সকালে হেডিংলিতে ট্রেনিং সেশনে অংশ নেননি স্মিথ। সেখানে কোচ জাস্টিন ল্যাঙ্গার তাকে না খেলানোর সিদ্ধান্তটি জানিয়ে দেন স্মিথকে।
নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে ফেরা স্মিথ অ্যাশেজের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে। এজবাস্টনে জোড়া সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুই টেস্টের তিন ইনিংসে স্মিথের রান যথাক্রমে ১৪৪, ১৪২ এবং ৯২। আগামীকাল থেকে হেডিংলিতে শুরু হওয়া তৃতীয় টেস্টে তার না খেলাটা তাই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ট্রাভিস হেড যদিও বলেছেন, ‘মারনাস (লাবুশেন) দারুণ খেলেছে। কাউন্টি মৌসুমেও সে এখানে ভালো ব্যাটিং করেছিল। সেঞ্চুরিও পেয়েছিল। এজবাস্টনে সেঞ্চুরি করেছিলেন ম্যাথু ওয়েড। তাছাড়া স্মিথকে ছাড়া (রবিবার) নিজের দায়িত্ব ভালো ভাবেই পালন করেছে তারা। এটা ইতিবাচক ব্যাপার। আমি মনে করি ঠিকঠাক দায়িত্ব পালনের সামর্থ্য আছে আমাদের।’
