সড়কে প্রাণ গেল ৮ জনের

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৪:১০ এএম

দেশের পাঁচ জেলায় গতকাল মঙ্গলবার ও আগের রাতে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই এবং ডবলমুরিংয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, কুমিল্লার দেবীদ্বারে কভার্ড ভ্যানচাপায় দুই সহোদর, গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় শিশু, মাদারীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক, পটুয়াখালীর দুমকিতে এস্কেভেটরের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত হন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর

পটিয়ায় শালা-দুলাভাই নিহত : গত সোমবার রাত ১০টার দিকে পটিয়ার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেনÑ উপজেলার কাগজিপাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আবদুল খালেকের ছেলে শাহজাহান (৪২)। তারা সম্পর্কে শালা-দুলাভাই। রফিকুল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আর শাহজাহান পল্লী চিকিৎসক ছিলেন। পটিয়া থেকে মোটরসাইকেলে চট্টগ্রামে আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন। পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে দুপুর ২টার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় ছাগলের বাজারের সামনে বাসের ধাক্কায় রতন কুমার দেবনাথ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। তিনি ফেনীর বাইশগাড়িয়া এলাকার তরুণ দেবনাথের ছেলে।

দেবীদ্বারে কাভার্ড ভ্যানচাপায় দুই সহোদর নিহত : গতকাল সকালে উপজেলার কুরছাপ এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মাইক্রোবাস চালকসহ দুই ভাই নিহত হয়েছেন। এরা হলেনÑ ফেনীর পরশুরাম উপজেলার অলেক মাস্টার বাড়ির মৃত তোফায়েল আহমেদের ছেলে আবদুল মালেক (৬০) ও সালেহ আহমেদ (৭০)। দুর্ঘটনায় মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪), তাহমিদ (১৮) ও মেয়ে ফাতিমা (১২) আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত : গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার ধাক্কায় ঝুমা (৮) নামে এক শিশু নিহত হয়। সে নেত্রকোনার আটপাড়া থানার লক্ষ্মীপুর কান্দাপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। পরিবারের সঙ্গে সে টঙ্গীর পাগাড় এলাকার ঝিনুমার্কেট দিলীপ বাবুর বাড়িতে থাকত।

কাঁঠালবাড়ী ফেরিঘাটে বাসচাপায় যাত্রী নিহত : সন্তানের জন্য পানি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বাদশা হাওলাদার (৪০) নামে এক যাত্রী মারা যান। গতকাল সকালে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাগেরহাট থেকে সুন্দরবন পরিবহনে করে সপরিবারে ঢাকা যাচ্ছিলেন বাদশা। বাসটি ৩নং ঘাট দিয়ে ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছেলের পানি পিপাসা লাগলে বাদশা দোকানে পানি আনতে যান। পানি নিয়ে বাসের কাছে এলে, সেটিও ফেরিতে ওঠার জন্য অগ্রসর হয়। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাদশা বাগেরহাটের চিলা ইউনিয়নের জয়মনিরঘোল গ্রামের বাসিন্দা।

পায়রা সেতুতে এস্কেভেটরের ধাক্কায় শ্রমিক নিহত : পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ করতে গিয়ে এস্কেভেটরের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত