ভারত শাসিত কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসন সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলের বিষয়টিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ।
সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা ত্যাগের সময় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ মনে করে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে সব সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত এমনটা বলে আসছে বাংলাদেশ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫এ প্রত্যাহার করে কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসন ও বিশেষ সুবিধা কেড়ে নেয় বিজেপি সরকার। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।
অধিকৃত অঞ্চলের মর্যাদা সংক্রান্ত তিনটিসহ কাশ্মীর নিয়ে জাতিসংঘের ১১টি রেজ্যুলেশন রয়েছে। এরপরও এটিকে ‘নিজেদের অভ্যন্তরীণ’ বিষয় হিসেবে দাবি করে থাকে ভারত।
গত সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন তিনি। বুধবার সকালে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
