ভারতের কল্যাণীতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে শুক্রবার- প্রতিপক্ষ ভুটান। কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
পাঁচ দেশকে নিয়ে আয়োজিত এই আসরে বুধবার উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। ভুটান এদিন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ২-৩ ব্যবধানে। তার আগে উদ্বোধনী ম্যাচে নেপালকে ০-৫ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।
ভুটানের হেরে যাওয়া ম্যাচটা এদিন মাঠে বসে দেখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ দলের শক্তিমত্তা যাচাইয়ের চেষ্টা করেছে খেলোয়াড়রা। সঙ্গে ছিলেন ইংলিশ কোচ রবার্ট রাইলস।
শিরোপা ধরে রাখতে বাংলাদেশের কিশোর ফুটবলাররা দীর্ঘ চার মাস ছিল নিবিড় অনুশীলনে। ঢাকার ফর্টিজ একাডেমিতে ইংলিশ কোচের অধীনে চলেছে প্রস্তুতি।
পরশু কল্যাণীতে পৌঁছে বাংলাদেশের কিশোররা। মঙ্গলবার স্থানীয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। এবার আসল ম্যাচে নামার অপেক্ষা।
২০১১ সালে শুরু হওয়া আসরে সবচেয়ে সফল দল বাংলাদেশ ও ভারত। দুই বার করে চ্যাম্পিয়ন হয়েছে দলদুটি। প্রথমে অবশ্য টুর্নামেন্টটি ছিল অনূর্ধ্ব-১৬ পর্যায়ের। ২০১৭ সাল থেকে সেটি অনূর্ধ্ব-১৫ আসরে রূপ নেয়।
এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে আসর। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল মুখোমুখি হবে ফাইনালে।
