পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া ২১টি ল্যাপটপ ও একটি মনিটর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটোয়ারী ও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলোÑ আটোয়ারী উপজেলা সদরের ছোটদাপ গ্রামের তফিজউদ্দীনের ছেলে ও ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাইদুল ইসলাম (২১), একই উপজেলার ছোটদাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল হাসান নাইস (১৯), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক পারভেজ (২০), হামিদুল ইসলামের ছেলে ও স্থানীয় মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসানুর রহমান লাজু (১৯), আটোয়ারীর নলপুকুরী গ্রামের ফাইমুদ্দীনের ছেলে অটোচালক লুৎফর রহমান মানিক (৩০), ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস রয়েল (৪০) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে মো. রাশেদ (১৯)। গত ১৫ আগস্ট রাতে গ্রিল কেটে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ২১টি ল্যাপটপ ও ১টি মনিটর চুরি হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার এসআই শাহীনুর রহমান সিদ্দিকী বলেন, আটোয়ারীর আমলি আদালতে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
