ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমিসংশ্লিষ্ট বিভিন্ন ধরনের লেনদেনের জন্য ই-পেমেন্ট গেটওয়ে স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পেমেন্ট গেটওয়ে চালু হলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবায় একটি নতুন দিগন্ত শুরু হবে।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারি জমি উদ্ধারে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন তৈরির কাজ চলছে।
মন্ত্রী আরও বলেন, দুর্নীতির কারণে ভূমি সেবায় আমরা কাক্সিক্ষত মানে পৌঁছাতে পারিনি। ভূমি সেবা বাড়ানোর জন্য যেসব কর্মকর্তা নিজ উদ্যোগে বিভিন্ন কাজ করে যাচ্ছেন মন্ত্রী তাদের প্রশংসা করে অন্যদেরও এমন কাজে উৎসাহ দেন।
ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা, স্থানীয় সরকার পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মান্নান।
মাঠপর্যায়ে কাজ করতে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং পরামর্শ নেওয়া, পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টাই সঞ্জীবনী কর্মশালার মূল উদ্দেশ্য। ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (www.land.gov.bd) একটি অংশ।
কর্মশালায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা অংশ নেন। কর্মশালার দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় কর্মরতরা।
