শ্রীলঙ্কার ভরসা বর্তমান নিউজিল্যান্ডের অতীত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:০১ এএম

গল টেস্ট জিতে আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কান শিবির। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার কলম্বোর পি. সারা ওভালে নামছে স্বাগতিকরা। টানা টেস্ট সিরিজ জয়ের সাফল্য হাতছানি দিচ্ছে শ্রীলঙ্কাকে। বর্তমানের এই পারফরম্যান্স কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেউত্তর যুগে লঙ্কানদের জন্য বিরল সাফল্য। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকার সুযোগও আছে।

এদিকে নিউজিল্যান্ডের আছে ইতিহাসে। এই মাঠে ২০১২ সালে টেস্ট জিতেছিল তারা। ১৪ বছরের অপেক্ষা শেষে সেবার লঙ্কার মাটিতে প্রথম জয় পায় কিউইরা। আর সে জয়ে কিউইরা সিরিজ হার ঠেকায়। পরিচিত মাঠে এবারও সিরিজে ফিরতে সেই সাফল্য কিউইদের জ্বালানি।

শ্রীলঙ্কা ক্রিকেটে সম্প্রতি উত্থান-পতনের শেষ নেই। নেতৃত্ব বদল, কোচ বদল,

অন্তর্বর্তীকালীন কমিটি, ক্রিকেট বোর্ডের কাজে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও ক্রিকেটারদের সঙ্গে চুক্তি ভঙ্গ। এত কিছুর পরও কেমন যেন জাদুময় মোহে এগিয়ে চলছে লঙ্কানরা। বিশ্বকাপে সাত ম্যাচের চারটিতে জয়ে সাফল্যের পাল্লা ভারী। এবার টানা তিন টেস্ট জিতে চতুর্থ টেস্ট জয়ের দ্বারপ্রান্তে লঙ্কানরা। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে জোড়া টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। ২-০তে সিরিজ জেতায় প্রোটিয়াদের মাটিতে ইতিহাসে প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করার আনন্দ করে লঙ্কানরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে গলে চলতি সিরিজের প্রথমটিতে জয়। আরেকটি জিতলে বিপক্ষকে টানা সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ। অবশ্য এখানে একটু চিন্তার কারণ আছে। পি. সারা ওভাল খোদ লঙ্কানদের জন্যই চিন্তার কারণ। এই মাঠে তাদের অতীত খুব একটা সুবিধার নয়। পরিসংখ্যান বলছে, এ মাঠে খেলা মোট ম্যাচের অর্ধেকেরও কম জিতেছে লঙ্কানরা।

পি. সারা শ্রীলঙ্কাকে দু’হাত ভরে না দিলেও নিউজিল্যান্ডকে দিয়েছে। এই মাঠে হারের রেকর্ড নেই কিউইদের। দুই ম্যাচের একটিতে জয় ও অপরটি ড্র। ২০১২ সালে জয়ী ম্যাচের নায়ক রস টেইলর এখনো দলে আছেন। দুই ইনিংসে ১৪২ ও ৭৪ রান করে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেন। অতীত যাই হোক, গলে প্রথম ইনিংসে ৮৬ করা টেইলরের চিন্তাÑ এই সিরিজে ফিরতে হবে। অন্যতম অভিজ্ঞ তারকার মতো অধিনায়ক কেন উইলিয়ামসনের চাওয়াও এক। গত ম্যাচে রান পাননি বলে দলের কাছে দায়বদ্ধতাও আছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত