সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহারেই জয়

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:০২ এএম

এশিয়ার ফুটবলে উত্তর কোরিয়া বরাবরই সমীহ জাগানিয়া একটি দেশ। বিশ^কাপ খেলুড়ে সে দেশের শীর্ষ দল ৪.২৫ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশের সবচেয়ে সফল দল আবাহনী। ম্যাচ শেষে তাই শিষ্যদের সব কৃতিত্ব দিয়ে দিতে পিছপা হননি আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। তৃপ্ত এই কোচ বলেন, ‘আমরা যে করেই হোক ম্যাচটা জিততে চেয়েছিলাম। তাই এই মৌসুমে প্রথম পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলতে হয়েছে। তবে যারা মাঠে ছিল তারা সবাই তাদের কাজগুলো ঠিকভাবে করেছে।’ ২৮ আগস্ট পিয়ংইয়ংয়ে ফিরতি লেগের ম্যাচটি খেলতে হবে কৃত্রিম মাঠে। লেমস বলেন, ‘এটা হয়তো একটা সমস্যা। তবে ওখানে যাওয়ার আগে আমরা টার্ফে অনুশীলন করে ধাতস্থ হওয়ার চেষ্টা করব।’

জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা ছিল নাইজেরিয়ান মার্কসম্যান সানডে চিজোবার। কঠোর পরিশ্রমেই এই জয় এসেছে মনে করেন তিনি, ‘এই জয়টা বাংলাদেশের ফুটবলের জন্য বড় একটা প্রাপ্তি। ভালো লাগছে দলের জয়ে খানিকটা ভূমিকা রাখায়। এই জয় আমাদের ফিরতি লেগের ম্যাচ ভালো খেলতে সাহস জোগাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত