সড়কে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

রাজধানীর রমনা পার্কের পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রব্বানী খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। খোকন হকারি ও পার্কের সামনে ফুটপাতের ভ্রাম্যমাণ খাবারের দোকানে কাজ করতেন। এদিকে গতকাল সকালে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়। এদিন ভোরে গাজীপুরের ইটাহাটা এলাকায় বাসচাপায় সাইকেল আরোহী এক পোশাককর্মী মারা যান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

রাজধানীতে নিহত খোকনের শ্যালক সাখাওয়াত হোসেন জানান, খোকন চাঁদপুরের ফরিদগঞ্জের বিষেরবন্ধ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি হকারি ও ফুটপাতে খাবার বিক্রি করতেন। স্ত্রী ও দুই ছেলে গ্রামে থাকেন। রমনা থানার এসআই মফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিপরীতে রমনা পার্কের পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন খোকন। পুলিশের একটি দল তাকে উদ্ধার

 

 

করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাটে স্কুলছাত্র নিহত : গতকাল সকালে শহরের খঞ্জনপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তাসলিমুর (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়। পৌর এলাকার আদর্শপাড়ার বেলাল হোসেনের ছেলে তাসলিমুর খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, স্কুলে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাসলিমুরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

গাজীপুরে পোশাককর্মী নিহত : নগরীর ইটাহাটা এলাকায় বাসচাপায় সাইকেল আরোহী পোশাককর্মী সোহেল রানা (৩৫) নিহত হন। গতকাল সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহেল ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশনস নামে একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। তার বাড়ি বরিশাল। বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, নাইট ডিউটি শেষে বাসায় ফেরার পথে অনাবিল পরিবহনের একটি বাসচাপায় মারা যান সোহেল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত