স্মিথকে নকল করে ভাইরাল আর্চার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৭:৩৭ পিএম

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সাদা পোশাকে অভিষেক হয় জোফরা আর্চারের। অভিষেকেই গতি আর বাউন্সারে আলোড়ন ফেলেছেন বার্বাডোজে জন্ম নেওয়া এই ফাস্ট বোলার। লর্ডসে তার বাউন্সার সামলাতে বেশ বেগ পেতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। স্টিভেন স্মিথ তো বাউন্সারে আহত হয়ে ছিটকে গেছেন হেডিংলি টেস্ট থেকেই।

ইংলিশ পেসার আর্চার এবার বুঝি ব্যাট হাতেও মাত করতে চাইছেন! হেডিংলি টেস্টের আগে ব্যাট হাতে নেটে বেশ ঘাম ঝরিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো এ সময় স্মিথকে অনুকরণ করতে দেখা গেছে তাকে। স্মিথকে নকল করার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতেও।

আর্চারের বাউন্সারে গুরুতর আহত স্মিথ লর্ডসে প্রথম ইনিংসে খেলেছিলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। বাউন্সারে আহত হয়ে ৮০ রানে ড্রেসিং রুমে ফিরলেও পরে ব্যাট করতে নামেন আবার। যোগ করেন ১২ রান। দলের বিপর্যয়ে স্মিথের ইনিংসটি ছিল দারুণ কার্যকর।

সেদিন বল ছেড়ে খেলে সফল ছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক যে ভঙ্গিমায় বল ছেড়েছেন, আর্চারকে ঠিক সেই ভঙ্গিই নকল করতে দেখা গেছে নেটে। স্মিথের মতোই ফুটওয়ার্ক, ব্যাক লিফট, সবই ছিল দেখার মতো। এমনকি নেট বোলারদের উড়িয়ে মারতেও দেখা গেছে আর্চারকে।

বৃহস্পতিবার হেডিংলিতে শুরু হয়ে গেছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। আর্চারের বাউন্সারে আহত হয়ে স্মিথ খেলতে পারছেন না এই টেস্টে। আর্চার অবশ্য আছেন। এবার তার আগুনে বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নৈপুণ্যও কি দেখা মিলবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত