অবশেষে মুক্তি পাচ্ছে ‘শাহেন শাহ’

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:০৬ পিএম

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান এবার হাজির হয়েছেন ‘শাহেন শাহ’ রূপে। গত ২৫ জানুয়ারি ইউটিউবে উন্মুক্ত করা হয় শাহেনশাহ ছবির প্রথম টিজার। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে শাকিব খানের দেখা মেলে একদম ভিন্ন লুকে। ছবিটি ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

এদিকে বেশ কয়েকবার ‘শাহেন শাহ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাহেন শাহ। আসছে দুর্গা পূজায় মুক্তি পাবে ছবিটি।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেন শাহ’।

ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নতুন নায়িকা হিসেবে এতে অভিষেক হচ্ছেন রোদেলা জান্নাত। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, তারিক আনাম খান ও উজ্জল। ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস।

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত। ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র শুটিং। নির্মাণকাজ শেষ হয় ১৯ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত