বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহে আমি মুগ্ধ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:০৮ পিএম

ভারতের ওড়িশি নৃত্যশিল্পী শাশ্বতী বড়াই ঘোষ। গত তিন দিন নৃত্য নন্দন আয়োজিত এক কর্মশালা পরিচালনা শেষে ঢাকা ত্যাগ করেছেন। কর্মশালার শেষ দিন তার সঙ্গে ওডিশি নাচ নিয়ে কথা বলেছেন মাসিদ রণ

ঢাকায় কর্মশালা পরিচালনা করলেন। অভিজ্ঞতা কেমন?

এক কথায় অসাধারণ। এখন ভারতের বিভিন্ন জায়গায় নাচের শো ছাড়াও কর্মশালা নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে। তাই শর্মিলা দি (বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়) অনেক দিন ধরে আমাকে কর্মশালার জন্য ডাকলেও সময় করতে পারছিলাম না। ফাইনালি তিন দিন সময় বের করে এসেছি। এখানে এসে আমার অনেক ধারণাই বদলে গেছে। এখানকার ওড়িশি শিক্ষার্থীরা আমার নির্দেশনা ফলো করতে পারবে কি না তা নিয়ে ভাবনায় ছিলাম। কিন্তু তাদের আন্তরিকতা ও মেধায় মুগ্ধ হয়েছি। এখানকার ওড়িশি নৃত্যশিল্পী বেনজির সালাম সুমি আর আমি দুজনই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেছি ওড়িশি নাচের ওপর। তিনি ছেলেমেয়েগুলোকে দারুণভাবে তৈরি করছেন। তাই আমার কাজটি করতে অনেক সহজ হয়েছে।

এত কম সময়ের কর্মশালার গুরুত্ব কতখানি?

আসলে শিক্ষার্থীরা এমনিতেই সঠিক পথ ধরে এগোচ্ছে। সেই পথটা যাতে আরও কার্যকরী হয় সে বিষয়ের দিকেই আমি জোর দিয়েছি এই কর্মশালায়। যতটা না নতুন নাচ শিখিয়েছি, তার চেয়ে তারা যে নাচ জানে সেটাকে আরও সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টি শিখিয়েছি। আর নাচতে গেলে শরীর তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য তাদের কিছু নিয়ম-কানুন শিখিয়েছি যাতে নাচতে গেলে তাদের এনার্জি লেভেল আরও বৃদ্ধি পায়। তাদের মানসিক অনেক চাপ কমে যায়।

বাংলাদেশে ওড়িশি নাচ কোন জায়গায় আছে বলে মনে করেন?

আমি বলব ওড়িশি নাচের ক্ষেত্রটি তৈরি নয়। তবে সবার আগ্রহ অনেক। শুধু শিক্ষার্থী নয়, তাদের গুরু ও অভিভাবকরাও অনেক আগ্রহী। এটা খুব জরুরি। আমি তো ভারতের অনেক জায়গায় কর্মশালা করি, কিন্তু এখানকার মতো এত সিরিয়াসনেস খুব কম দেখেছি। এখানকার সবার আগ্রহ দেখে এতই ভালো লেগেছে যে তাদের নতুন কিছু দিতে চেয়েছি। একজন নৃত্যশিল্পীর নাচ শেখার শুরুর দিন থেকে একজন দক্ষ শিল্পী হয়ে ওঠার জার্নি নিয়ে আমি পাঁচটি রাগের ওপর নতুন কম্পোজিশন করছি। তাতে কোনো বাদ্যযন্ত্র নেই। শুধু আমার বোল আর একজন শিল্পীর গান। এটা এখনো সম্পূর্ণ হয়নি। তারপরও সেই কম্পোজিশনের চার নম্বর ধাপটা আমি করে দেখিয়েছি যাতে এরা নতুন কিছু শিখতে পারে। আমি আবারও এখানে আসতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত