দুষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্তির নির্দেশ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৩৭ পিএম

দুর্নীতিবাজ ঠিকাদারদের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এর আগে দুর্নীতিবাজ ঠিকাদারদের সরকারি অনেক সংস্থা থেকে ব্ল্যাকলিস্টেড বা কালোতালিকাভুক্ত করা হয়েছে। এই ঠিকাদাররা কোনোভাইে যেন অন্য কোনো সংস্থার কাজ না পায়। বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এদের খুঁজে বের করতে হবে। এ বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে সিপিটিইউয়ের পরামর্শক প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিতে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ হিসেবে পিপিএসসি গঠন করা হয়েছে। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) দ্রুত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ঠিকাদার কোনো একটি সংস্থা থেকে কালোতালিকা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি অন্য সংস্থাগুলো হয়তো এদের নাম জানে না। তাই এসব ঠিকাদারের তালিকা করে তা অভ্যন্তরীণভাবে প্রচার করতে হবে। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ঠিকাদাররা উন্নয়নে বাধা। তারা কাজ নিয়ে বসে থাকে, শুরু করে না। ঠিকাদাররা অহেতুক প্রকল্পের কালক্ষেপণ করেন। এটা খারাপ দিক। আমরা দেখছি, কিছু কিছু সিমেন্ট কোম্পানি ঠিকাদারদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরাও ঠিকাদারদের প্রশিক্ষণ দিতে পারি।

এম এ মান্নান বলেন, এবার প্রথম মাসেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ভালো বাস্তবায়ন হয়েছে। আমরা পিডিদের (প্রকল্প পরিচালক) টাকা সরাসরি দিয়ে দিয়েছি। প্রকল্প দুবারের বেশি সংশোধন করা যাবে না। তিনবার সংশোধনের জন্য আনলে আমি অনুমোদন দেব না, তা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত