যুবলীগ নেতা ফারুক হত্যায় সন্দেহভাজন ২ রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:২৪ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় সন্দেহভাজন দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার জাদিমুরা পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার রাসিদং এলাকার বাসিন্দা ছব্বির আহমদের ছেলে মোহাম্মদ শাহ ও একই উপজেলার শীলখালী এলাকার আব্দুল আজিজের ছেলে আবদু শুক্কুর (২৮)। তারা মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফ উপজেলার জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিলেন।

এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি এলজি বন্দুক, ৯ রাউন্ড গুলি, ১২ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন এসআই মনসুর (৩৫), এএসআই জামাল (৩০) ও কনস্টেবল লিটন (৩২)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে টেকনাফ উপজেলার জাদিমুরা এলাকায় বাড়ির সামনে থেকে হ্নীলা ইউনিয়নের ৯নং যুবলীগের সভাপতি ওমর ফারুককে (৩০) তুলে নিয়ে পাহাড়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। খবর পেয়ে নিহত ফারুকের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনেরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মরদেহ আনতেও বাধা দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ওমর ফারুকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার সকাল ৯টার দিকে হত্যার প্রতিকার চেয়ে বিক্ষোভ করে স্বজন ও স্থানীয়রা।

এসময় বিক্ষোভকারীরা কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা বাজারে টিওয়েবে আগুন ধরিয়ে দেয় এবং যানচলাচল বন্ধ করে দেয়।

পরে টেকনাফ থানা পুলিশ এসে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাসে পরিস্থিতি শান্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত