আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তির বিরোধী দল। যারা কথা বলবে দেশের জন্য, কল্যাণের জন্য, সত্য ও ন্যায়ের জন্য।’
তিনি বলেন, ‘দীর্ঘ ২১ বছর এদেশ ছিল স্বৈরাচার, স্বাধীনতা বিরোধী ধর্মান্ধদের হাতে। দেশকে করেছিল জঙ্গি রাষ্ট্র। সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম হয়েছিল ভূলুণ্ঠিত। বাংলাদেশ পেল দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তকমা। অনেক হয়েছে আর নয়।’
শনিবার রাজধানীর কাকরাইলে এক সভায় কৃষিমন্ত্রী এ সব কথা বলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের মতো নিকৃষ্ট ও জঘন্য হত্যাকাণ্ড কোথাও ঘটেনি দাবি করে মন্ত্রী বলেন, ‘যেখানে শিশু, অন্তঃসত্ত্বা এবং নববধূও রেহাই পায়নি। বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে তিলে তিলে ধ্বংস করা, স্বাধীনতা বিরোধীদের দ্বারা দেশ পরিচালনা করা। ১৫ ও ২১ আগস্ট একই সুতোয় গাঁথা।
একাত্তরের পরাজিত গোষ্ঠী এখনো নানা চক্রান্ত করছে মন্তব্য করে আবদুর রাজ্জাক বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা এখন ঘাপটি মেরে আছে দেশে-বিদেশে। স্বাধীনতার পক্ষের শক্তি এদের কঠোর ভাবে মোকাবিলা করবে। সবাইকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের যে মহাসড়কে উঠিয়েছেন তা বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, ‘শোক দিবসের আলোচনা তখনই সফল হবে যখন বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে তার দেখানো পথে আমরা চলব। তারেক জিয়াদের বিচার কার্যকর করব।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
